তালায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার বাইগুনী গ্রামে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
গ্রামবাসী জানান, সকাল আটটার দিকে মাঠে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক বাইগুনীর আব্দুল হাকিম সাধুর পাটের খেতে হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। পাটকেলঘাটা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই/তিন দিন আগে কে বা কারা হত্যা করে লাশটি ওই এলাকায় ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।