তালায় আ.লীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দেওয়ার নাম করে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউএনও বাদী হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তালা থানায় আওয়ামী লীগের নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।

আসামিরা হলেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও তালা বণিক সমিতির সভাপতি মীর জাকির হোসেন এবং তালা সদরের খাজরা গ্রামের সৈয়দ তরিকুল ইসলাম।

জানতে চাইলে, ইউএনও মো. ফরিদ হোসেন প্রথম আলোকে বলেন, হারান সাধু নামের এক ব্যবসায়ী সম্প্রতি উপজেলা পরিষদের প্রাচীরের পাশের জায়গা দখল করে দোতলা ভবন নির্মাণ করছিলেন। প্রথমে তাঁকে নোটিশ দিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়। কিন্তু ব্যবসায়ী ভবন নির্মাণ অব্যাহত রাখেন। এ পরিস্থিতিতে গত ৪ এপ্রিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁকে (ইউএনও) টাকা দিয়ে সবকিছু ঠিকঠাক করে দেওয়ার নাম করে ২ লাখ টাকা নেন মীর জাকির ও সৈয়দ তরিকুল। একইভাবে কুমারেশ ঘোষ নামের আরেক ব্যবসায়ীর কাছ থেকেও ২ লাখ ৩০ হাজার টাকা নেন তাঁরা। পরে ওই দুই ব্যবসায়ী ভবন নির্মাণ করার সময় ইউএনও আবার বাধা দেন। তখন অর্থ আত্মসাতের বিষয়টি ফাঁস হয়। দুই ব্যবসায়ী স্বীকার করেন, ইউএনওকে দেওয়ার নাম করে জাকির ও তরিকুল ওই টাকা নিয়েছেন। বিস্তারিত জানার পর গত মঙ্গলবার তিনি দুজনের বিরুদ্ধে মামলা করেন।

ব্যবসায়ী স্বপন সাধু বলেন, তাঁর ভাই হারান সাধু তখন কারাগারে ছিলেন। এ সময় ইউএনওকে টাকা দিয়ে সব ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে তরিকুল ২ লাখ টাকা নিয়েছেন। এ সময় আওয়ামী লীগ নেতা ও তালা বণিক সমিতির সভাপতি মীর জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে জাকির বলেন, তরিকুল ইউএনওর খুব ঘনিষ্ঠ লোক; তালার সব মহল তা জানে। হারান সাধু ও কুমারেশ ঘোষের জমির সমস্যার সব ঠিক করে দেওয়ার নামে তরিকুল ৪ লাখ ৩০ হাজার টাকা নিয়েছেন। ব্যবসায়ীরা এই টাকা দেওয়ার সময় বণিক সমিতির সভাপতি হিসেবে তাঁকে সাক্ষী রেখেছিলেন। তিনি আরও বলেন, সম্প্রতি ইউএনওর বিরুদ্ধে ‘প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে কে বা কারা অভিযোগ করেছেন। সেখানে এই দুই ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা আদায়ের বিষয়টিও উল্লেখ রয়েছে। এ ঘটনা আড়াল করতে ইউএনও আমাকে জড়িয়ে মামলা করেছেন।’

সৈয়দ তরিকুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়। তাঁর অপর একটি মুঠোফোন নম্বরে ফোন দিলে একজন নারী তা ধরেন। কিন্তু পরিচয় জানার পর রং নম্বর বলে সংযোগ কেটে দেন।

ইউএনও ফরিদ হোসেন বলেন, সৈয়দ তরিকুল ইসলাম একসময় উপজেলা ফুটবল দলের গোলরক্ষক ও অধিনায়ক ছিলেন। সেই সুবাদে তাঁর সঙ্গে সখ্য হয়। এ ধরনের সখ্য মীর জাকির হোসেনসহ অনেকের সঙ্গেই হয়েছে। কিন্তু তিনি এখন শুনতে পাচ্ছেন, তরিকুল তাঁর নাম করে আরও দুই-তিনজনের কাছ থেকে টাকা নিয়েছেন।