তালায় কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

সাতক্ষীরার তালা উপজেলায় কপোতাক্ষ নদ থেকে বাণিজ্যিকভাবে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খননযন্ত্র দিয়ে বালু তুলে বিক্রির জন্য সড়কের পাশে মজুত করে রাখা হচ্ছে। প্রতিদিন কয়েক হাজার ফুট বালু উত্তোলন করায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়েছে।

গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে উপজেলার জালালপুর (মাধ্যমিক বিদ্যালয়ের পাশে) এলাকায় দেখা যায়, কপোতাক্ষ নদের ভেতর থেকে যন্ত্রের সাহায্যে বালু তোলা হচ্ছে। চারজন শ্রমিক কাজ করছেন। বালু প্রায় ১০০ ফুট দূরে জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নদের পাশের ফাঁকা জমিতে স্তূপ করে রাখা হচ্ছে। সেখান থেকে প্রতি ঘনফুট বালু বিক্রি করা হচ্ছে আট টাকা দরে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার খেসরা ইউনিয়ন পরিষদের (ইউপি) বালিয়া গ্রামের আওয়ামী লীগের কর্মী আবদুল মুজিদ এ বালু উত্তোলন করে প্রকাশ্যে বিক্রি করছেন। অভিযোগ রয়েছে, এর সঙ্গে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাও জড়িত আছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুই ব্যক্তি প্রথম আলোকে বলেন, তাঁরা আবদুল মুজিদের কাছ থেকে কয়েক হাজার ঘনফুট বালু কিনেছেন।

জালালপুর গ্রামের নজরুল ইসলাম ও আবদুল হামলা বলেন, ‘বছরের ছয় মাস পানির সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয় আমাদের। কপোতাক্ষ নদ খনন করে দুপাশে দেওয়া হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। কিন্তু ইচ্ছামতো বালু উত্তোলন করায় বেড়িবাঁধ যেকোনো সময় ধসে পড়তে পারে।’ তিনি আরও বলেন, বেড়িবাঁধ ধসে পড়লে জালালপুর, শ্রীমন্তকাটি, দোহার, মাদ্রা, পারমাদ্রা, মাগুরার একাংশসহ অর্ধশতাধিক গ্রামে আবার জলাবদ্ধতা দেখা দেবে।

খননযন্ত্রের (ড্রেজিং মেশিন) মালিক নফর আলী বলেন, তাঁর মেশিন ব্যবহার করে ব্যবসায়ী আবদুল মজিদ কপোতাক্ষ নদ থেকে বালু তুলছেন। তাঁর যন্ত্রের ভাড়া বাবদ প্রতি ঘনফুট বালু উত্তোলনের জন্য তাঁকে চার টাকা করে দেওয়া হয়।

মুঠোফোনে জানতে চাইলে আবদুল মজিদ বলেন, এভাবে অনেকে বালু উত্তোলন করে ব্যবসা করছেন। তবে তিনি ব্যবসা করছেন না উল্লেখ করে বলেন, একটি সড়ক নির্মাণের জন্য বালু লাগবে, এ জন্য তিনি নদ থেকে বালু তুলে মজুত করছেন।

জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, আবদুল মুজিদ বালু তুলে বিক্রি করেছেন বলে তিনি শুনেছেন।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী প্রবীর গোস্বামী গত মঙ্গলবার বলেন, কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। সেখানে কোনো ধরনের বালু উত্তোলনের সুযোগ নেই। তবে কেউ কেউ বালু তুলছেন। বিশেষ করে আবদুল মুজিদ বলে একজন বালু তুলছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। এরপর তাঁকে বালু তুলতে নিষেধ ও খননযন্ত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। তাঁকে তিন দিন সময় দেওয়া হয়েছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।