তালায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। পুলিশ বলছে, তারা ডাকাত। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার রহিমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন বিদ্যুৎ কুমার বাছাড় (৪৬)। তাঁর বাড়ি তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে। আরেকজনের নাম তালহা শেখ (২৬)। তাঁর বাড়ি একই উপজেলার সুজনশাহ গ্রামে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানের ভাষ্য, নিয়মিত টহলের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন ও এসআই নাজমুল হক জানতে পারেন, ওই এলাকার লক্ষ্মণ দাসের আমবাগানে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। রাত সোয়া তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা তাঁদের লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় তাঁরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয় লোকজন দুজনকে শনাক্ত করে।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, চারটি ককটেল, দুটি গুলিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, বিদ্যুৎ কুমার একসময় তালা এলাকায় নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে পাঁচটি ডাকাতি, চারটি অস্ত্র মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তালহা শেখের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে মামলা রয়েছে। দুজনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
রহিমাবাদ গ্রামের দুই এলাকাবাসী জানান, তাঁরা রাত তিনটার দিকে কয়েকটি গুলির শব্দ শুনতে পেয়েছিলেন। সকালে দেখেন দুজনের গুলিবিদ্ধ লাশ। নিহত বিদ্যুতের পরিবার কেউ এলাকায় থাকে না। অন্যজনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।