তালায় 'বন্দুকযুদ্ধে' একজন নিহত, তিনজন গুলিবিদ্ধ
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। ওই তিনজনসহ এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর পৌনে চারটার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার সাতক্ষীরা-খুলনা সড়কের কাপাসডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত ও গুলিবিদ্ধ ব্যক্তিরা সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
নিহত ব্যক্তির নাম আবু সাঈদ (৩৫)। তিনি যশোরের কেশবপুর উপজেলার আওয়ালগাতি গ্রামের এলাহী বক্স মোড়লের ছেলে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন খুলনার কয়রা উপজেলার বাগলী গ্রামের আরিফুজ্জামান ওরফে অনু (২০), একই উপজেলার ঘুগরাকাটি গ্রামের তরিকুল ইসলাম গাজী (২১) ও পটুয়াখালীর বেতাগী উপজেলার সুপখালী গ্রামের সুবেল খান (২২)। এই তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গ্রেপ্তার অপর চারজন হলেন তালা উপজেলার পাটকেলঘাটা থানার আচিনতলা গ্রামের আবুল কাসেম (৩০), তৈলকুপি গ্রামের সুমন ইসলাম (২৮), সেনপুর গ্রামের নজরুল ইসলাম (৩৬) ও বান্দরবানের লামা উপজেলার লাহিনঝিরি গ্রামের রবিউল ইসলাম (১৮)।
সাতক্ষীরা জেলা পুলিশ গতকাল স্থানীয় সাংবাদিকদের কাছে ই-মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাটকেলঘাটা থানার পুলিশ রাত সাড়ে তিনটার দিকে খবর পায়, একদল ডাকাত পাটকেলঘাটা থানার কাপাসডাঙ্গা এলাকার সাতক্ষীরা-খুলনা সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে পাটকেলঘাটা থানার পুলিশ এবং ওই এলাকায় অভিযানে থাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল যৌথভাবে ভোর পৌনে চারটার দিকে ঘটনাস্থলে যায়। তখন ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমা ফাটায়। বোমার আঘাতে দুজন পুলিশ সদস্য আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ১০-১৫ মিনিট বন্দুকযুদ্ধের পর ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে আবুল কাসেম, সুমন ইসলাম, নজরুল ইসলাম ও রবিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে ঘটনাস্থলে আরও চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন আরিফুজ্জামান, তরিকুল ও সুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতদের কাছ থেকে একটি পাইপগান, একটি রিভলবার, বন্দুকের দুটি গুলি ও চারটি গুলির খোসা, দুটি বড় ধারালো দা, চারটি লোহার রড ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত আবু সাঈদ আন্তজেলা ডাকাতদলের সর্দার ছিলেন। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতিসহ পাটকেলঘাটা থানায় তিনটি ও যশোরের কেশবপুর থানায় আটটি মামলা রয়েছে।
নিহত আবু সাঈদের স্ত্রী নাজমা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী বছরে এক-দুই দিনের বেশি বাড়ি আসতেন না। কোথায় থাকতেন তা তিনি জানতেন না। একটি ডাকাতি মামলায় তিনি এক মাসের বেশি সময় জেলে ছিলেন।
তবে গ্রেপ্তার হওয়া আবুল কাসেমের বাবা আবুল হাসেম বলেন, তাঁর ছেলে মহেন্দ্র গাড়ি চালান। গত শনিবার সন্ধ্যায় পাটকেলঘাটার একটি পেট্রলপাম্প থেকে তেল কেনার সময় পুলিশ তাঁকে থানায় ডেকে নিয়ে যায়। পরে মুঠোফোনে তাঁর ছেলে যে মহেন্দ্র চালায়, তার মালিক সুমন ইসলামকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁদের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারেননি। গতকাল সকালে শুনতে পান তাঁর ছেলে, সুমনসহ কয়েকজন ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের কাছে ধরা পড়েছেন।
এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে গুলিবিদ্ধ তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কর্তব্যরত পুলিশ তাঁদের সঙ্গে কথা বলতে দেয়নি।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, গুলি নিহত আবু সাঈদের বুকে বিদ্ধ হয়। আহত তিনজনের বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা ডিবির উপপরিদর্শক কামাল হোসেন জানান, এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে দুটি মামলা করেছেন পাটকেলঘাটা থানার সহকারী পুলিশ পরিদর্শক বেল্লাল হোসেন।