তালায় 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সঞ্জিত অধিকারী (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, সঞ্জিত গতকাল ‘বন্দুকযুদ্ধে’ নিহত চরমপন্থী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) নেতা মোজফফর সানার সহযোগী।

সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনের ভাষ্য, জঙ্গি ও সন্ত্রাসী দমনে সারা দেশে পুলিশের ‘সাঁড়াশি অভিযানের’ অংশ হিসেবে তালা থানার উপপরিদর্শক রইচউদ্দিনের নেতৃত্বে একটি দল তেঘরিয়ায় অভিযান চালাচ্ছিল। পুলিশ সেখানে সন্ত্রাসী দলকে দেখতে পায়। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে সহকারী উপপরিদর্শক (এএসআই) বাদশা মিয়া আহত হন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হন। অন্যরা পালিয়ে যায়। সঞ্জিতকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস জানান, ডান পায়ে হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় সঞ্জিতকে আজ ভোর সাড়ে চারটার দিকে নিয়ে আসা হয়। তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।