তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় দরিদ্র ও কর্মজীবী দুগ্ধদানকারী মা বা অন্তঃসত্ত্বা নারীদের সরকারি সহায়তা দেওয়ার তালিকা তৈরিতে অনিয়ম হচ্ছে। তালিকা তৈরির সময় আবেদনকারীদের উপস্থিত থাকার কথা থাকলেও তা মানা হয়নি। তালিকায় নাম ওঠাতে টাকা নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
সরকারের এ কর্মসূচির নাম ‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’। এর আওতায় দরিদ্র ও কর্মজীবী মায়েরা গর্ভধারণকাল থেকে ২৪ মাস পর্যন্ত সরকারের কাছ থেকে ৫০০ টাকা হারে ভাতা পাবেন। সঙ্গে দেওয়া হবে আর্থসামাজিক ও সচেতনতামূলক সেবাও। জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, সহায়তা তহবিল কর্মসূচির আওতায় এবার রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের আড়াই হাজার নারী সুবিধা পাবেন। রাজশাহী নগরীতে তালিকা তৈরি করছে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ ছয়টি মহিলাবিষয়ক বেসরকারি সংস্থা (এনজিও)।
কর্মসূচি বাস্তবায়ন জেলা কমিটি সূত্রে জানা গেছে, গত ২ জুন কমিটির সভায় ভাতাভোগীদের তালিকা তৈরির বিষয়ে প্রস্তুতি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও চুক্তিবদ্ধ এনজিও প্রাথমিকভাবে দুটি তালিকা করবে। এরপর প্রতি জোনে (তিনটি ওয়ার্ড নিয়ে একটি জোন) একদিন করে যেকোনো একটি বিদ্যালয়ে প্রাথমিক আবেদনকারীদের সশরীরে উপস্থিত হতে হবে।
জেলা কমিটির একজন সদস্য, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও চুক্তিবদ্ধ এনজিওর প্রধান আবেদনকারীদের সঙ্গে সরাসরি কথা বলে তথ্য যাচাই-বাছাই করবেন। এরপর তাঁদের মধ্যে দুস্থ ও অসহায় দুগ্ধদানকারী মা বা গর্ভবতী যোগ্য নারীকে আবেদন ফরম দেওয়া হবে। তাঁরা আবেদন ফরমগুলো পূরণ করে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেবেন। এরপর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। পরে ওই তালিকা জেলা কমিটি অনুমোদন করবে। গত জুনের মধ্যে এই কার্যক্রম শেষ করার কথা থাকলেও এখনো তা শেষ হয়নি।
জেলা কমিটির একজন সদস্য বলেন, তালিকা তৈরির জন্য আবেদনকারীদের সশরীরে উপস্থিত করে জরিপ করার কথা থাকলেও একটি ওয়ার্ড বাদে কোথাও জরিপ করা হয়নি। সংশ্লিষ্ট এনজিও ও ওয়ার্ড কাউন্সিলরদের সরবরাহ করা তালিকা থেকে ভাতাভোগীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার কর্মসূচি বাস্তবায়ন জেলা কমিটির সভায় ওই তালিকা চূড়ান্ত করা হয়।
জেলা কমিটির সদস্যসচিব ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহানাজ বেগম বলেন, এনজিওগুলো এই তালিকা তৈরি করতে অনেক দেরি করেছে। তাই নির্ধারিত সময়ে তালিকা তৈরির কাজ শেষ করা যায়নি। আর তালিকা দেরিতে জমা দেওয়ায় সশরীরে উপস্থিত করে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তবে যেসব আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, তাঁদের তথ্যগুলো তদন্ত করে যাচাই-বাছাই করা হয়েছে। ভুয়া আবেদনকারীদের বাদ দেওয়া হয়েছে।
এদিকে ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের তালিকা তৈরি নিয়ে অভিযোগ ওঠায় এর তালিকা যাচাই-বাছাই করার জন্য সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানাজ বেগমকে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহানাজ বেগম বলেন, ‘তালিকা যাচাই-বাছাই করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই তালিকায় যদি এমন কেউ থাকেন, যাঁরা ভাতা পাওয়ার যোগ্য নন, তাঁদের বিষয়ে আপত্তি জানালে কমিটি তা খতিয়ে দেখবে।’
২৪ নম্বর ওয়ার্ডে ভাতাভোগীর তালিকা তৈরিতে অর্থ আদায়েরও অভিযোগ উঠেছে। ২৪ নম্বর ওয়ার্ডের হাদীর মোড়ের পাঁচজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর একটি তালিকা করেছেন। আরেকটি তালিকা করেছেন বিলনেপালপাড়া দুস্থ মহিলা সংস্থা। এই সংস্থাটি তালিকায় নাম তুলতে সবার কাছ থেকে চার হাজার করে টাকা নিয়েছে। কিন্তু টাকা দেওয়ার কথা স্বীকার করলে নাম বাদ পড়ে যাবে, সেই ভয়ে কেউ এটা বলছেন না।
বিলনেপালপাড়া দুস্থ মহিলা সংস্থার নির্বাহী প্রধান সালমা রেজা বলেন, ‘এ রকম কিছু আমি শুনিনি। অভিযোগ কে করেছে তা আমার জানা নেই।’
এলাকার এক বাসিন্দা বলেন, ‘শুনছি যাঁরা টাকা দিয়ে আবেদন করেছেন, তাঁরাই ভাতার টাকা পাবেন। যাঁরা টাকা না দিয়ে মহিলা কাউন্সিলরের কাছে আবেদন দিয়েছেন, তাঁরা ভাতা পাবেন না। কিন্তু আমার যদি চার হাজার টাকা দেওয়ার সামর্থ্যই থাকে, তাহলে তো আমার ভাতার দরকার নেই।’
কর্মসূচি বাস্তবায়ন জেলা কমিটির সদস্য ও মহিলা কাউন্সিলর শাহানাজ বেগম বলেন, ২৪ নম্বর ওয়ার্ড থেকে তিনি একটি তালিকা দিয়েছিলেন। বিলনেপালপাড়া দুস্থ মহিলা সংস্থাও তালিকা দিয়েছে। তার তালিকা ধরে সবাইকে সশরীরে উপস্থিত করে যাচাই-বাছাই করা হয়। কিন্তু ওই সংস্থার দেওয়া তালিকার আবেদনকারীদের সশরীরে উপস্থিত করে যাচাই-বাছাই করা হয়নি।
তিনি আরও বলেন, ‘আমি যাঁদের তালিকা দিয়েছিলাম, তাঁদের মধ্য থেকে সাতজন নারী আমাকে এসে বলেছেন, টাকা দিয়ে তাঁরা মহিলা সংস্থার তালিকায় নাম দিয়েছেন। ওই নারীদের বলা হয়েছে, টাকা না দিলে নাকি ভাতা পাওয়া যাবে না।’
অর্থ আদায়ের বিষয়ে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহানাজ বেগম বলেন, মুখে মুখে অনেকে তিন হাজার, চার হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। কিন্তু কেউ লিখিত অভিযোগ করেননি। কেউ লিখিত অভিযোগ দিলে অবশ্যই সংশ্লিষ্ট এনজিও টাকা ফেরত দিতে বাধ্য থাকবে।