তালিকাভুক্ত জঙ্গি তিন হাজার, আড়াই হাজারই পলাতক
পুলিশের তথ্যভান্ডারের (ডেটাবেইস) হিসাব অনুযায়ী, দেশে বিভিন্ন জঙ্গি সংগঠনের তিন হাজার সদস্য রয়েছেন। জঙ্গিবিরোধী বিশেষ অভিযানের পরও প্রায় আড়াই হাজার তালিকাভুক্ত জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এঁদের মধ্যে বিভিন্ন সময়ে জামিনে বেরিয়ে যাওয়া প্রায় ৫০০ জঙ্গিও রয়েছেন, যাঁদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, জঙ্গি দমনের জন্য গত বছর গঠিত পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রুপ (এসটিজি) সারা দেশের জঙ্গিদের একটি তথ্যভান্ডার তৈরি করে। চলতি বছরের জানুয়ারিতে এই তথ্যভান্ডার তৈরির কাজ শেষ হয়। তাতে দেশে সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠনের মোট তিন হাজার সদস্যের নাম তালিকাভুক্ত করা হয়। ১০ জুন দেশব্যাপী জঙ্গিবিরোধী অভিযান শুরুর আগ পর্যন্ত এই তালিকাভুক্ত ৩২৮ জন কারাবন্দী ছিলেন।
তবে জঙ্গিবিষয়ক বিশ্লেষক, আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান প্রথম আলোকে বলেন, দেশে সক্রিয় ও বাইরে থাকা জঙ্গির সংখ্যা আরও বেশি হবে। তিনি বলেন, ‘জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম, আফগান-ফেরত জঙ্গি বা অন্য সংগঠনের প্রকৃত জঙ্গির সংখ্যা আমরা কেউ জানি না। এসটিজির পূর্ণাঙ্গ তালিকা করার সুযোগ নেই। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে কিংবা কিছু তথ্য মিলেছে, এসটিজি হয়তো তাদের নাম ডেটাবেজে অন্তর্ভুক্ত করেছে।’
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাত দিনের এই বিশেষ অভিযানে ১৯৪ জন জঙ্গি গ্রেপ্তার হয়েছেন। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলছেন, এসটিজির তৈরি তালিকা ধরেই বিশেষ অভিযান চালানো হয়েছে। এই ১৯৪ জনসহ বর্তমানে কারাবন্দী জঙ্গির সংখ্যা ৫২২। বাকি ২ হাজার ৪৭৮ জন এখনো বাইরে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, বিশেষ অভিযানে ১০০-২০০ জঙ্গি ধরলেই দেশে জঙ্গি তৎপরতা কমে যাবে, তা মনে করার কোনো কারণ নেই। পুলিশের তথ্য সঠিক ধরে নিলে এখনো অনেক জঙ্গি বাইরে রয়ে গেছেন। তিনি বলেন, ‘মাদারীপুরে যে ছেলেটা (গোলাম ফয়জুল্লাহ ফাহিম) ক্রসফায়ারে মারা গেল, তার নাম কি পুলিশের ডেটাবেজে ছিল? তাকে আরও কিছুদিন বাঁচিয়ে রাখলে তার কাছ থেকে আরও কিছু জঙ্গির নাম পাওয়া যেত।’
এসটিজি সূত্র জানায়, তাদের তথ্যভান্ডারে যেসব জঙ্গির নাম রয়েছে, তাঁরা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), জেএমজেবি, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ, শাহাদাত-ই আল হিকমা, আল্লার দল, হিযবুত তাহ্রীরের সদস্য। এতে কিছু আফগান-ফেরত জঙ্গির নামও রয়েছে। এঁদের মধ্যে প্রায় ৫০০ জন বিভিন্ন সময়ে জামিনে বেরিয়েছেন।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও পরিকল্পনা বিভাগের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম শহীদুর রহমান প্রথম আলোকে বলেন, জঙ্গিবিরোধী সাত দিনের বিশেষ অভিযান শেষ হলেও তালিকাভুক্ত জঙ্গিদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। আর জামিনে বেরিয়ে যাওয়া জঙ্গিদেরও নজরদারি করা হচ্ছে।
তবে নূর খানের মতে, জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে পুলিশ লক্ষ্য অর্জনে সফল হয়নি। তারা জঙ্গিদের সন্ত্রস্ত করতে চেয়েছিল। কিন্তু ১৩ হাজার মানুষকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উল্টা সমাজকে সন্ত্রস্ত করেছে।