তালিকাভুক্ত দুই মানব পাচারকারী এবং এক ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মানব পাচারকারী এবং এক ইয়াবা ব্যবসায়ীকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার হয়। এ সময় ১০ হাজার ইয়াবা বড়িও উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী আবদুর রহমানের সাবরাং কাটাবনিয়া এলাকার বাড়িতে গতকাল ভোরে অভিযান চালিয়ে তাঁর দুই ছেলে আবুল কালাম ও মো. জামালকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আবুল কালামের বিরুদ্ধে মানব পাচারসহ বিভিন্ন অভিযোগে নয়টি এবং মো. জামালের বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আবদুর রহমানসহ তাঁর তিন ছেলের নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানব পাচারকারীদের তালিকায় রয়েছে।
ওসি জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ মো. চাঁন মিয়া ওরফে পোয়া চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদক চোরাচালানসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় তাঁর নাম রয়েছে।