তালিকাভুক্ত দুই মানব পাচারকারী টেকনাফে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন দিল মোহাম্মদ ও মো. ইউনুছ। পুলিশ বলছে, দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। গতকাল শনিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. ইউনুছের বড় ভাই ধলু হোসেন ওরফে ধুল মাঝি গত ৮ মে টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ধলু হোসেনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ছিলেন।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনারপাড়া এলাকায় গতকাল সকালে অভিযান চালিয়ে দিল মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে পুলিশের আরেকটি দল বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুছকে গ্রেপ্তার করে। তারা দুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। দিল মোহাম্মদের বিরুদ্ধে মানব পাচারের তিনটি মামলা রয়েছে। আর মো. ইউনুছের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতনসহ মানব পাচারের পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।