তালিকাভুক্ত মানব পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. জকরিয়া (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরের চাক্তাই চামড়ার গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
জকরিয়া পুলিশের তালিকাভুক্ত মানব পাচারকারী। তার গ্রামের বাড়ি টেকনাফে। নগরের পতেঙ্গা, বন্দর ও টেকনাফ থানায় তাঁর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা রয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এ বি এম ফয়জুল ইসলাম বলেন, জকরিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে টেকনাফ থেকে নৌকায় করে প্রায় চার শ লোককে বড় নৌকায় পাচারকারীদের হাতে তুলে দিয়েছে। এ জন্য জনপ্রতি এক হাজার টাকা পেয়েছে। জকরিয়া একসময় নৌকায় মাছ ধরলেও তিন বছর ধরে বেশি লাভের আশায় এ কাজে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, জকরিয়াকে পতেঙ্গা থানার একটি মানব পাচার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।