চার মাস ধরে তালিকাভুক্ত শিল্পীদের অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রে ধারণ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থা। তাদের অভিযোগ, কেন্দ্রের বর্তমান মহাব্যবস্থাপক কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই ৩৮ জন লোক নিয়োগ দিয়েছেন। তাঁদের বেতন দেওয়া হচ্ছে শিল্পী সম্মানী থেকে। সরকারি প্রতিষ্ঠানের কোনো নীতিমালাই এ কেন্দ্রে মানা হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি কায়সারুল আলম, সহসভাপতি শেখ শহীদুল আনোয়ার, মো. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের, সহসাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ খান প্রমুখ।
জানতে চাইলে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক জাঁ নেসার ওসমান প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘আমি এখানে যোগদান করে দেখেছি, অনেকে লালন বা রবীন্দ্রসংগীতকেও নিজের নামে প্রচার করে সুরকার বা গীতিকার হিসেবে সম্মানী নিয়েছেন। অনেক অযোগ্য শিল্পী টাকার বিনিময়ে এখানে গান করেছেন। এ রকম অনেক দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে দেওয়ায় একশ্রেণির মানুষ আমার ওপর ক্ষিপ্ত হয়ে মিথ্যা প্রচার করছে।’
তবে লিখিত বক্তব্যে চট্টগ্রাম বেতার ও টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন তাহের অভিযোগ করেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনিয়ম-দুর্নীতি অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এই কেন্দ্র এখন আর সরকারি নীতিমালার মধ্যে চলছে না। বর্তমান মহাব্যবস্থাপক (জিএম) জাঁ নেসার ওসমান গত বছরের সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম কেন্দ্রে যোগদানের পর চার মাস ধরে তালিকাভুক্ত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের নিয়ে কোনো সংগীতানুষ্ঠান ধারণ করা হয়নি। শিল্পীদের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে ওই টাকা দিয়ে জিএমের নিয়োগপ্রাপ্ত প্রযোজকসহ অন্যদের বেতন দেওয়া হচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, গুটিকয় ব্যক্তিকে বারবার ডেকে টকশো করা হচ্ছে। তাঁদের সঙ্গে সঙ্গে সম্মানী চেক দেওয়া হলেও শিল্পীদের চেক দেওয়া হয় না। কেন্দ্রে বর্তমানে সরকারি কোনো প্রযোজক নেই। যারা ছিল তারা জিএমের নানা অনিয়মের প্রতিবাদ করায় জোরপূর্বক ঢাকা কেন্দ্রে বদলি করা হয়েছে।