তালিকাভুক্ত সন্ত্রাসী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলির ঘটনায় হত্যাসহ বিভিন্ন মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত আসামি আবু জাফরকে আটক করে পুলিশ পাহারায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাফর তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মীরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় আহত পুলিশ কনস্টেবল বাহার উদ্দিন, আবুল কাশেম ও মো. তুহিন খানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন আবু জাফর জানান, গত মঙ্গলবার রাতে তাঁকে আটক করা হয়। এরপর গত দুই দিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক ছিলেন। বুধবার দিবাগত রাতে পায়ে গুলি করে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। জাফর জানান, রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তিনি।
সদর হাসপাতালের চিকিৎসক আবুল খায়ের জানান, জাফরের ডান পায়ে রাবার বুলেট বিদ্ধ হয়েছে।
অন্যদিকে সদর থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে আবু জাফর মীরগঞ্জ এলাকায় তাঁর সন্ত্রাসী বাহিনী নিয়ে জড়ো হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাঁদের ধরতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জাফরকে আটক করা হয়েছে। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ তালিকাভুক্ত সন্ত্রাসী আবু জাফরের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর ও রামগঞ্জ থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তাঁর সহযোগী সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।