তালিকাভুক্ত 'ইয়াবা ও মানব পাচারকারী' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবা ও মানব পাচারকারী’ শামসুল আলম ওরফে মার্কিনকে (৫৫) আজ রোববার ভোররাতে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার নোয়াপাড়া গ্রামে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোররাত তিনটার দিকে পুলিশের একটি দল উপজেলার নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামসুলকে গ্রেপ্তার করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাঁকে আজ কক্সবাজার হাকিম আদালতে পাঠানো হবে।

পুলিশের দাবি, শামসুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন সংগ্রহ করে সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচার করে আসছিলেন। পাশাপাশি মিয়ানমার থেকে ইয়াবার বড় বড় চালান বাংলাদেশে এনে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহ করতেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘ইয়াবা ও মানব পাচারকারী’। ইয়াবা পাচারের তিনটি, অস্ত্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি এবং মানব পাচারের অভিযোগে তিনটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।