তালিকায় এক নাম বারবার, হতদরিদ্ররা স্থান পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়না বেগম (৬০) ও কদবানুর (৪৫) স্বামী বেশ আগেই মারা গেছেন। মিনারা বেগমের (৫০) স্বামী দুরারোগ্য রোগে ভুগছেন। পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের উত্তর ধরান্দী গ্রামে তাঁদের বাড়ি। তাঁরা বিধবা ভাতা ও বয়স্ক ভাতা পান না, নেই ভিজিএফ কার্ড। মানুষের কাছে হাত পেতে কিংবা অন্যের বাড়িতে কাজ করে দিন কাটছে তাঁদের। তারপরও খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চালও পাচ্ছে না এসব পরিবার।
অথচ এই ইউনিয়নে হতদরিদ্র ব্যক্তিদের তালিকায় কারও নাম একাধিকবার উঠেছে, আবার সরকারি কর্মচারীদের নামও এসেছে। হতদরিদ্র লোকের তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় ওই ইউনিয়নের উত্তর ধরান্দী গ্রামে ১০ টাকা কেজির চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে।
গত বুধবার সরেজমিনে জানা যায়, উত্তর ধরান্দী গ্রামে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়নি। গ্রামের হতদরিদ্র পরিবারগুলো ডিলারের দোকানে এসে খোঁজ নিচ্ছে, কবে থেকে চাল বিক্রি শুরু হবে। এ সময় জানতে চাইলে ময়না বেগম, কদবানু ও মিনারা বেগম জানান, তাঁদের নামে এখনো কার্ড হয়নি। বিধবা ভাতা, বয়স্ক ভাতা; এমনকি ভিজিএফ কার্ডও নেই তাঁদের নামে। সরকার ১০ টাকা কেজির চাল বিক্রি করলেও তালিকায় তাঁদের নাম নেই। কীভাবে তালিকায় নাম উঠবে—এই খোঁজে ডিলারের দোকানে এসেছেন তাঁরা।
কমলাপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. মোশাররফ হোসেন অভিযোগ করেন, এই এলাকায় কার্ডের তালিকায় ব্যাপক অনিয়ম হয়েছে। তালিকায় এক লোকের একাধিক নাম উঠেছে। এর মধ্যে ২৪৩৪ ক্রমিক নম্বরে জলিল ব্যাপারী, পিতা কাসেম ব্যাপারীর নাম রয়েছে। আবার ২৪১৪ ক্রমিক নম্বরে ঠিক একই নাম রয়েছে। ২৪১৬ ক্রমিক নম্বরে রয়েছে হারুন খানের নাম। আবার ২৪৩২ ক্রমিক নম্বরেও একই ব্যক্তির নাম রয়েছে। এ ছাড়া ২৪১৫ ক্রমিক নম্বরে রয়েছে কামাল, পিতা কেল্লা মুনশি, আবার ২৪৩৩ ক্রমিক নম্বরে কামালের জায়গায় কালাম লেখা হয়েছে। তবে পিতার নাম ও ভোটার আইডি কার্ডের নম্বর একই রয়েছে। এ ছাড়া তালিকায় ১৫১৯ নম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের নাম উঠেছে বলে অভিযোগ করেন তিনি।
ইউপি সদস্য ওহাব রাঢ়ী বলেন, হতদরিদ্র ব্যক্তিদের তালিকা তৈরিতে একটু ভুল হয়েছে। তবে তা সংশোধন করে নতুন করে তালিকা তৈরি হচ্ছে।
এদিকে তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ ওঠায় উত্তর ধরান্দী গ্রামে হতদরিদ্র ব্যক্তিদের ১০ টাকা কেজির চাল বিতরণ বন্ধ করে দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
চালের ডিলার আবদুল রাজ্জাক হাওলাদার বলেন, গত ২৯ সেপ্টেম্বর চাল উত্তোলন করা হয়েছে। বিতরণ বন্ধ করে দেওয়ায় এখন চাল দোকানঘরে পড়ে রয়েছে।
সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুল হক প্রথম আলোকে বলেন, উত্তর ধরান্দী গ্রামে তালিকা তৈরিতে অনিয়মের লিখিত অভিযোগ পাওয়ায় চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার ৪৯৮ কার্ডের মধ্যে ১২৬টিতে অনিয়মের বিষয়টি তাঁদের জানানো হয়েছে। সঠিকভাবে হতদরিদ্র লোকের তালিকা ও কার্ড লিখে তৈরি করার জন্য বলা হয়েছে। দু-এক দিনের মধ্যে সংশোধিত তালিকা তৈরি ও কার্ড লেখা হবে এবং চাল বিতরণ শুরু করা সম্ভব হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা যায়, এই কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর পটুয়াখালী জেলায় ১ লাখ ১৮ হাজার ৮৪ জন সুবিধাভোগী কার্ডধারীর কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে। এ জন্য জেলায় ২৫৭ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।