নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র ব্যক্তিদের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য তালিকা তৈরিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সচ্ছল হওয়ার পরেও ওই তালিকায় খোদ ডিলার ও তাঁর স্ত্রী ঠাঁই পেয়েছেন। এতে আরও ধনীর নাম আছে। এ ছাড়া আছে ডিলারের ভাই, বোন, চাচা, চাচাতো ভাইসহ আরও অনেক স্বজনের নাম। এ ঘটনা ঘটেছে উপজেলার বলাইশিমুল ইউনিয়নে।
সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা ঘেঁটে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত আগস্ট মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার বলাইশিমুল ইউনিয়নে ৬৮৮ জন সুবিধাভোগীর তালিকা করা হয়। ওই মাসেই ইউপি চেয়ারম্যান মো. আলী আকবর তালুকদার মল্লিক ও ওই ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি উপজেলা সমবায় কর্মকর্তা রবি শংকর পালের সই করা ওই তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে পাঠানো হয়। চাল বিক্রির জন্য ইউনিয়নের নোয়াদিয়া গ্রামের মফিজ ব্যাপারীর ছেলে জিয়াউর রহমানসহ দুজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়। জিয়াউর রহমান উপজেলা শহরে আসবাবের ব্যবসা করেন।
তবে অভিযোগ উঠেছে সুবিধাভোগী ব্যক্তিদের ওই তালিকায় ৬২৬ নম্বর ক্রমিকে ডিলার জিয়াউর রহমান, ৬২৮ ক্রমিকে তাঁর স্ত্রী জুলেখা খাতুন, ৬৩০ ক্রমিকে ভাই মজিবুর রহমান, ৬৩১ ক্রমিকে বোন আছিয়া আক্তার, ৬৩২ ক্রমিকে ভাবি সাহানা আক্তার, ৬৪২ ক্রমিকে চাচা মো. হানিফ, ৬৪৬ ক্রমিকে চাচি রাবিয়া খাতুন, ৬৬২ ও ৬৬৮ ক্রমিকে চাচাতো ভাই যথাক্রমে হুমায়ুন কবির ও হাবিবুর রহমান, ৬২৭ ক্রমিকে আত্মীয় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আবদুর রহমানের ছেলের বউ রিনা আক্তার এবং ৬৩৬ ও ৬২৯ নম্বর ক্রমিকে রিনার ছেলেমেয়ে যথাক্রমে কলেজছাত্র রেজাউল করিম ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাজমহল আক্তারের নাম রয়েছে। অপরদিকে এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, তালিকা তৈরিতে দুর্নীতি হওয়ায় যাঁরা চাল পাওয়ার যোগ্য তাঁদের অনেকেই বাদ পড়েছেন। উপরন্তু ব্যবসায়ী ও বিভিন্ন পেশার সচ্ছল ব্যক্তিদের নামও তালিকায় রাখা হয়েছে। তালিকার ৬৪৩ ও ৬৪৪ নম্বর ক্রমিকে দুই ভাই যথাক্রমে ব্যবসায়ী তপন চন্দ্র দেবনাথ ও সুশান্ত দেবনাথ ও ৬৪৫ ক্রমিকে তাঁদের বাবা সুনীল দেবনাথও আছেন। ৬৭৩ নম্বর ক্রমিকে থাকা ছদ্দু মিয়া ধান ব্যবসায়ী। আর ৬৭৫ নম্বর ক্রমিকের মাহাবুর রহমান বাদলের এলাকায় চালকল রয়েছে। তবে সুনীল দেবনাথ বলেন, তালিকায় তিনিসহ তাঁর দুই ছেলের নাম থাকলেও কেউ ওই চাল তোলেন না।
সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেন, সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায় স্বজনপ্রীতি ও দুর্নীতির কারণে এলাকার অনেক হতদরিদ্র ব্যক্তি ১০ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
যোগাযোগ করা হলে এ বিষয়ে বলাইশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী আকবর তালুকদার মল্লিক বলেন, সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায় ডিলার, ডিলারের স্ত্রীর নাম থাকাসহ বিভিন্ন অনিয়মের ঘটনা উপজেলা প্রশাসনকে জানানোর পর ইউএনও এসে এসব অভিযোগের সত্যতাও পেয়েছেন। তিনি তালিকা তৈরির সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত ডিলারকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া সুবিধাভোগী ব্যক্তিদের তালিকাও সংশোধন করা হবে।
তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে ডিলার জিয়াউর রহমান সামনাসামনি কথা বলবেন বলে জানান।