তাস খেলা নিয়ে ঝগড়ায় স্কুলছাত্র খুন, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র গত বৃহস্পতিবার রাতে খুন হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সহপাঠীসহ সাত ছাত্রকে আসামি করে মামলা করা হয়। পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
নিহত ছাত্রের নাম রাকিবুল হাসান রিয়াদ (১৬)। সে করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়ার বজলুর রহমানের ছেলে। তাস খেলা নিয়ে ঝগড়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, রাকিবুল হাসান জেলা শহরের হারুয়া এলাকায় বোন শারমিন আক্তারের বাসায় থেকে লেখাপড়া করত। সে বৃহস্পতিবার বেলা একটার দিকে পাশের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে খেলা দেখার উদ্দেশে বেরিয়ে যায়। সেখান থেকে কয়েকজন ছাত্র তাকে শত্রুতার জের ধরে ডেকে পৌরসভার কার্যালয়ের পেছনে নিয়ে যায়। সেখানে নৈশপ্রহরীদের থাকার ঘরে নিয়ে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মারা হয়। একপর্যায়ে কয়েকজন তার হাত-পা ধরে রাখলে বাপ্পী নামের একজন কাঠের ফালি দিয়ে মাথায় আঘাত করে। এতে রাকিব সংজ্ঞা হারিয়ে ফেলে। চিৎকার শুনে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনা শুনে শারমিন তাঁর বাবাকে ফোনে জানালে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে রাকিবকে জিজ্ঞাসা করলে সে আসামিদের নাম বলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে রাত সাড়ে ১০টার দিকে সে মারা যায়। এ ঘটনায় রাকিবের বাবা গতকাল দুপুরে থানায় মামলা করেন।
মামলায় সদর উপজেলার বগাদিয়া এলাকার আলিমুদ্দিন মুন্সির ছেলে ও পিনাকল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র বাপ্পী; হারুয়া এলাকার সাজু মিয়ার ছেলে ও নিহত ব্যক্তির সহপাঠী ফয়সাল আহাম্মেদ; কাইয়ুম মামুনের ছেলে ও সহপাঠী আবদুল্লাহ আল মুফতি; হোসেনপুরের পানান এলাকার হাবিবুর রহমানের ছেলে ও হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র রিফাত হোসেন; শহরের ফিসারি রোডের মাইন উদ্দিন খানের ছেলে আরিফুল ইসলাম খান এবং খরমপট্টি এলাকার সহপাঠী সারাফ (১৭) ও নগুয়া এতিমখানা রোডের সহপাঠী শিপলুকে (১৭) আসামি করা হয়। তাদের মধ্যে প্রথম পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে কিশোরগঞ্জ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল মাহমুদ ১৬৪ ধারায় প্রধান আসামি বাপ্পীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। বাপ্পীকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদের জন্য থানাহাজতে রাখা হয়েছে। তাস খেলা নিয়ে ঝগড়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে। ময়নাতদন্ত শেষে বিকেলে করিমগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে রাকিবকে এলাকার গোরস্থানে দাফন করা হয়েছে।