তাস খেলা নিয়ে বিরোধ, তরুণ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গত বুধবার রাতে আরিফ হোসেন (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাস খেলাকে কেন্দ্র করে বিরোধে আরিফকে কুপিয়ে হত্যা করা হয়। দিনমজুর আরিফ উপজেলার সেনেরহুদা গ্রামের আজির বকসের ছেলে।
আরিফের স্ত্রী মালা খাতুন (১৯) গ্রামের তোতা মিয়া ও তাঁর বাবা সামিরুল ইসলামকে আসামি করে গতকাল বৃহস্পতিবার দুপুরে থানায় হত্যা মামলা করেছেন। তোতা খুলনা পলিটেকনিকের দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত তরুণের ভায়রা রমজান আলী বলেন, তিনি (রমজান), আরিফ ও জাহাঙ্গীর নামের গ্রামের আরেকজন মিলে বুধবার রাত আটটার দিকে স্থানীয় একটি দোকানে বসে তাস খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তোতা এসে তাঁদের তাস খেলতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তোতা দোকানের কাছেই নিজ বাড়ি থেকে ধারালো হাঁসুয়া এনে আরিফকে কুপিয়ে গুরুতর জখম করে চলে যান। পরে মুমূর্ষু অবস্থায় আরিফকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।