তাহিরপুরে সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। সংঘর্ষে গুরুতর আহত রতি মিয়া নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণকূল গ্রামের রতি মিয়া ও ফাজিলপুর গ্রামের আবুল কাশেমের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও রয়েছে। এর জের ধরে গতকাল শনিবার স্থানীয় আনোয়ারপুর বাজারে প্রথমে দুই পক্ষের লোকদের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় পুলিশ ১৪টি ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষে রতি মিয়া, মুজিবুর রহমান, ছবি মিয়া, সাখাওয়াত হোসেন, সফিক মিয়া, রহম মিয়া, ফয়সল আহমদ, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, সেলিম আহমদ, কবির হোসেনসহ ১৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর, ফয়সল, হোসেন আহমদ, আবুল কাশেম, কবির হোসেন ও সেলিম আহমদকে আটক করেছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪টি ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে ছয়জন আটক করা হয়েছে।