সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির সোয়া টন চাল বিক্রি করার সময় জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তালিকায় অনিয়ম থাকায় প্রশাসন হতদরিদ্র ব্যক্তিদের নতুন তালিকা তৈরির জন্য ছয় ইউপি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৩০ জন কার্ডধারী রয়েছেন। ওই ইউনিয়নের নিয়োজিত ডিলার শাফিকুল ইসলাম পাশের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের চাল ব্যবসায়ী নূর আহম্মদের কাছে ৫০ কেজি ওজনের ২৫ বস্তা চাল বিক্রি করেন। তিনি গতকাল বেলা একটার দিকে ধরমপাশার চাপাইতি গ্রাম থেকে ওই চাল নৌকায় তুলে তাহিরপুর উপজেলার কিষ্টপুর গ্রামের সামনে মনাই নদের পাড়ে পৌঁছে দেন। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য রেজাউল মিয়া। তিনি নূর আহম্মদকে এ চালের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি ওই চাল ডিলার শাফিকুল ইসলামের কাছ থেকে কিনেছেন বলে জানান। খবর পেয়ে এলাকার লোকজন সেখানে চলে এলে নূর আহম্মদ সেখান থেকে চলে যান। ঘটনাটি ওই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমানকে জানানো হলে বেলা দেড়টার দিকে তিনি ওই ইউনিয়নের এক গ্রামপুলিশের মাধ্যমে কিষ্টপুর গ্রামের একটি ঘরে এই চাল তুলে রাখেন এবং তিনি বিষয়টি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাহিরপুর থানার ওসিকে জানান। ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, ‘নূর আহম্মদ আমার ওয়ার্ডের মাহমুদপুর গ্রামের বাসিন্দা ও চাল ব্যবসায়ী। তিনি এই চাল বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ডিলার শাফিকুল ইসলামের কাছ থেকে কিনেছেন বলে আমার কাছে স্বীকার করেছেন। তা ছাড়াÍবস্তায় “খাদ্য অধিদপ্তরের জন্য” কথাটি লেখা রয়েছে।’ এ ব্যাপারে জানতে নূর আহম্মদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ডিলার শাফিকুল ইসলাম দাবি করেন, ‘আমি কারও কাছে চাল বিক্রি করিনি। এটি আমার বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।’ তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর বলেন, গতকাল বিকেলে পুলিশ ওই এলাকায় গিয়ে চাল জব্দ করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ধরমপাশার ভারপ্রাপ্ত ইউএনও মো. ইয়াছিন কবীর বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মতলব দক্ষিণ উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য গত আগস্টে উপজেলার ছয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে হতদরিদ্র ব্যক্তিদের নামের তালিকা চাওয়া হয়। ওই সময় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে নারায়ণপুর ইউনিয়নের ১ হাজার ৩৪১, নায়েরগাঁও উত্তরের ৭০৫, নায়েরগাঁও দক্ষিণের ৯৩৫, উপাদী উত্তরের ৮৫০, উপাদী দক্ষিণের ৮০০, খাদেরগাঁওয়ের ৭২৫ জনসহ মোট ৫ হাজার ৩৫৬ জনের তালিকা জমা দেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মহিউদ্দিন বলেন, তালিকা নিয়ে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রকৃত হতদরিদ্র ব্যক্তিদের নাম বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের তালিকাভুক্ত করা, তালিকায় নামের গরমিল, এলাকায় নেই এমন লোক ও নাবালকদের তালিকাভুক্ত করা। তাই নতুন তালিকা চেয়ে গত বুধবার ছয় ইউপি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। ১৫ ডিসেম্বরের মধ্যে তাঁদের নতুন তালিকা জমা দিতে হবে। নতুন তালিকার ব্যক্তিদের কাছে মার্চ-এপ্রিল মাসে চাল বিক্রি করা হবে।