তাহেরপুর কলেজে ছাত্রলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তাহেরপুর কলেজের প্রশাসনিক ভবনে ভাঙচুর করেছেন ছাত্রলীগের একদল নেতা-কর্মী। তাঁদের দাবি, কোটি টাকার নিয়োগ-বাণিজ্য হয়েছে। সেখান থেকে নবীনবরণ অনুষ্ঠান করার জন্য তাঁরা তিন লাখ টাকা চেয়েছিলেন। আশ্বাস দিয়ে তাঁদের সেই টাকা দেওয়া হয়নি। এ ক্ষোভ থেকে গত মঙ্গলবার ভাঙচুরের এই ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের কয়েকজন শিক্ষক প্রথম আলোকে বলেন, নিয়োগের সময় তাঁদের কাছ থেকে মোটা অঙ্কের অনুদান নেওয়া হয়। কিন্তু কলেজের তহবিলে এ টাকার কোনো হিসাব নেই। সম্প্রতি অধ্যক্ষ কলেজের শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই ১০ লাখ টাকা তুলে পৌরসভার মেয়র আবুল কালাম আজাদকে দিয়েছেন। এ অভিযোগে কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজশাহী-৪ আসনের সাংসদ গত মাসের বেতন-বিলে অধ্যক্ষসহ একজন শিক্ষকের নাম বাদ দিয়ে সই করেন। এ কারণে তাঁরা বেতন তুলতে পারেননি।
ওই ঘটনায় ২১ অক্টোবর প্রথম আলোয় ‘অধ্যক্ষ ও মেয়রের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এদিকে শিক্ষক নিয়োগের সময় অনুদানের নামে নেওয়া টাকা থেকে ছাত্রলীগের নেতারা কয়েক মাস ধরে তিন লাখ টাকা দাবি করে আসছিলেন।
শিক্ষকেরা আরও বলেন, ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক কোরবান আলীর নেতৃত্বে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে একদল ছাত্র অধ্যক্ষের কার্যালয়ে যান। সেখান থেকে বেরিয়ে তাঁরা কলেজের প্রশাসনিক ভবনে ভাঙচুর শুরু করেন। এই ভবনের নিচতলায় অধ্যক্ষের কার্যালয় এবং দোতলায় উপাধ্যক্ষের কার্যালয়, শিক্ষকদের বসার ঘর ও একটি কম্পিউটার ল্যাব রয়েছে। ভবনের সব কক্ষের জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ গতকাল বুধবার পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
জানতে চাইলে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, এটা তাঁদের ‘ইন্টারনাল’ ব্যাপার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, থানায় জানানোর মতো তেমন কিছুই হয়নি। প্রথম আলোয় ২১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে আর কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।
কোরবান আলী বলেন, কলেজে ৩৭ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। একেকজন শিক্ষকের কাছ থেকে ১০-১৪ লাখ টাকা করে নেওয়া হয়েছে। অথচ কলেজে কোনো অনুষ্ঠান করা হয় না। তাঁরা ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে বলে আসছেন কলেজে ভালো অনুষ্ঠানের জন্য তাঁদের লাখ তিনেক টাকা দিতে। গত মঙ্গলবার ওই টাকা দেওয়ার দিন ধার্য ছিল। এ কারণে তাঁরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু টাকা দেওয়া হয়নি। তখন তাঁদের কয়েকজন কর্মী ক্ষুব্ধ হয়ে দু-একটা জানালার কাচ ভাঙেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাংসদ এনামুল হক বলেন, উপাধ্যক্ষ তাঁকে কলেজে ভাঙচুরের কথা জানিয়েছেন। কিন্তু অধ্যক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।