তাড়াইলে অনুমতি ছাড়াই সড়কের গাছ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একটি সড়কের দুই পাশ থেকে অনুমতি না নিয়ে ৩০টি গাছ কেটে এলজিইডির কর্মকর্তারা বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ দিনে তাঁরা গাছগুলো কেটে গোপনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তাড়াইল কার্যালয়ের ওই কর্মকর্তারা জানান, রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কাটা হয়েছে। অনুমতি নিতে গেলে দেরি হয়ে যেত। এতে কাজের ক্ষতি হতো। তাঁরা গাছ বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
তবে এ বিষয়ে তাড়াইল উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা মো. মাজহারুল হক বলেন, ‘সরকারি গাছ কাটার আগে উপজেলা বন বিভাগ কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে জেলা বন বিভাগ কমিটিকে বিষয়টি জানাতে হবে। জেলা কমিটি সিদ্ধান্ত দেওয়ার পর দরপত্রের মাধ্যমে গাছ কাটতে হবে। তাড়াইল-সেকান্দরনগর কড়ইতলা সড়কের গাছ কাটার বিষয়টি আপনার মাধ্যমে জানলাম। এ ব্যাপারে কেউ বন বিভাগের সঙ্গে কথা বলেননি।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে সেকান্দরনগর কড়ইতলা মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার পাকা সড়কের দুই পাশের কমপক্ষে ৩০টি গাছ কাটা হয়েছে।
স্থানীয় গাছ ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, ৩০টি গাছ কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকায় বিক্রি করে আত্মসাৎ করেছেন কর্মকর্তারা।
গাছ বিক্রির সঙ্গে জড়িত উপসহকারী প্রকৌশলী মো. আবদুল মান্নান বলেন, ৮-১০টি ছোট-বড় গাছ কাটা হয়েছে। গাছ বিক্রির সব টাকা মসজিদের তহবিলে জমা করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।
এলজিইডির তাড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে গাছগুলো লাগানো হয়। এবার ঠিকাদারের মাধ্যমে ওই সড়কের দুই পাশে তিন ফুট করে দুই দিকে ছয় ফুট সড়ক সম্প্রসারণের জন্য গাছগুলো কাটা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, পূর্ব সাচাইল খেয়া সিনেমা হলের কাছের ছয়টি, কালনা সেতুর দুই দিকের আটটি, সেকান্দরনগর সেতুর দুই দিকের ১২-১৪টি গাছ কেটে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাঠ ব্যবসায়ী বলেন, ৩০টি গাছের বর্তমান বাজারমূল্য কমপক্ষে দুই-আড়াই লাখ টাকা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ সড়কের উন্নয়নকাজ দ্রুত শেষ করার জন্য স্থানীয়ভাবে দুই-তিনটি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছি। দুই-তিনটি গাছ বিক্রির ২৪ হাজার টাকা মসজিদের ফান্ডে জমা দেওয়া হয়েছে। গাছ বিক্রির কোনো টাকা কেউ আত্মসাৎ করেনি।’ তিনি আরও বলেন, ‘ইউএনও স্যারের সঙ্গে মৌখিকভাবে এ ব্যাপারে কথা হয়েছে।’
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা আক্তার বলেন, ‘সরকারি গাছ বিক্রির ক্ষেত্রে অবশ্যই পূর্ব অনুমতির প্রয়োজন। বিষয়টি নিয়ে আপনি (সাংবাদিক) উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলুন। তিনি বিস্তারিত বলতে পারবেন।’