কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজন আহত হয়েছেন। গত রোববার সন্ধ্যায় উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক পক্ষ অপর পক্ষের বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়েছে।
আহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৪৮)। সেলিম উপজেলার ভেড়নতলা গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী কামরুজ্জামান মহাজনের পক্ষে নির্বাচন করেন। উপজেলা সদরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৪ জুনের নির্বাচনে একই ইউনিয়নের সাচাইল গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুছ ছালামের ছোট ভাই সেলিম লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন। নির্বাচনের সময় থেকে সেলিম ও কামরুজ্জামানের মধ্যে বিরোধ চলছে। এর জের হিসেবে ৫ জুন উপজেলা সদরের হাজি গোলাম হোসেন বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের রাস্তায় অটোরিকশা স্ট্যান্ডে (সেলিমের বড় ভাই ছালামের নিয়ন্ত্রণাধীন) কিছু লোক ছালামের পক্ষের আবুল, মামুন ও রুকনকে মারধর করে স্ট্যান্ড থেকে বের করে দেয়। ১৮ জুন এক সালিসে বিষয়টি মীমাংসা করা হয়। ওই ঘটনার জের ধরে ১৯ জুন সন্ধ্যার আগে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় কামরুজ্জামানের সমর্থক সেলিম মিয়াকে পিটিয়ে আহত করে ছালাম পক্ষের সাচাইল গ্রামের রিপন, বিল্লালসহ কয়েকজন।