তাড়াইলে যুবককে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের তাড়াইলের দক্ষিণনগর গ্রামে আজ রোববার বিকেলে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত যুবকের নাম নয়ন আকন্দ (২৪)। তাঁর বাড়ি দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামে। তিনি সুবোধ বিড়ি নামের একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, নয়নের বড় ভাই করিমগঞ্জের চামটা বন্দরের ব্যবসায়ী পালন আকন্দের সঙ্গে দেখা করতে আজ দুপুরে বাড়ি থেকে বের হন নয়ন। বেলা তিনটার দিকে দক্ষিণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের নির্জনস্থানে রক্তাক্ত অবস্থায় নয়নকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাঁর স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নয়নের প্রতিবেশী বকুল মিয়া জানান, নয়নের গলায় ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুছ ছালাম মিয়া প্রথম আলোকে বলেন, যাঁরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করা হবে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।