তাড়াইলের কুদ্দুছ এখনো জমি ফেরত পাননি সালিশে টাকা দাবি
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় গ্রামের সেই আবদুল কুদ্দুছ তাঁর লিখে দেওয়া ৮৫ শতাংশ জমি এখনো ফেরত পাননি। গত শুক্রবার গ্রাম্য সালিসে জমি ফেরত পেতে তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, আবদুল কুদ্দুছ ঢাকায় রিকশা চালান। একই গ্রামের রতন মিয়ার ছেলে মো. হানিফকে (১৩) তিনি ২০১৪ সালের জুলাইয়ে ঢাকায় গৃহকর্মীর কাজ দেন। হানিফ ওই বাসা থেকে পালিয়ে একটি হোটেলে কাজ শুরু করে। সেখানে ১১ মাস থাকে সে। এ সময় হানিফকে খুঁজে না পেয়ে কুদ্দুছকে পাচারকারী বলে অভিযুক্ত করেন রতন। এ নিয়ে সালিস হয়। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী, রতনের নামে কুদ্দুছ ৮৫ শতাংশ জমি লিখে দেন। শর্ত থাকে, হানিফ ফিরে এলে ওই জমি কুদ্দুছকে ফেরত দিতে হবে। গত ২৮ জুলাই হানিফ ফিরে আসে। এ নিয়ে প্রথম আলোতে গত ৩০ জুলাই ‘এক বছর পর বাড়ি ফিরে এল শিশুটি’ শিরোনামে সংবাদ ছাপা হয়। এরপরও নানা অজুহাতে কুদ্দুছকে জমি লিখে দেওয়া হয়নি। এ নিয়ে শুক্রবার সকালে দিগদাইড় বাজারে সালিস হয়।
ওই সালিসের সভাপতি সাদেক ভেন্ডার গত শনিবার বলেন, রতন মিয়া জমি কুদ্দুছকে লিখে দেওয়া বাবদ দেড় লাখ টাকা দাবি করায় সালিসে মীমাংসা হয়নি। আগে এ রকম কোনো শর্ত না থাকলেও রতন এখন টাকা চাইছেন।
আবদুল কুদ্দুছ বলেন, ‘স্থানীয় ইউপি সদস্য আশক আলীসহ কয়েকজন এ নিয়ে চক্রান্ত করছেন। হানিফ ফিরে আসার পাঁচ মাস পেরিয়ে গেলেও জমি পাইনি।’
আশক আলী বলেন, ‘আমিও চাই কুদ্দুছকে রতন মিয়া জমি লিখে দিক। রতন নিঃস্ব হয়ে গেছে। তাই তিনি হয়তো এই টাকা দাবি করছেন।’
এ বিষয়ে কথা বলার জন্য রতন মিয়ার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা সাফিয়া আক্তার বলেন, ‘আমার নাতিরে (হানিফ) খুঁজতে গিয়ে রতন মিয়ার অনেক দেনা হয়ে গেছে। এর জন্য দেড় লাখ টাকা দাবি করছি আমরা। টাকা দিলেই রতন কুদ্দুছকে জমি লিখে দেবে।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ‘শুক্রবারের সালিসে আমি ছিলাম না। উভয় পক্ষকে ডেকে ঘটনাটি মীমাংসার চেষ্টা করব।’