তাড়াশে কৃষকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মজিবর রহমান (৫২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বারুহাঁস ইউনিয়নের খড়খরিয়া গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মজিবর ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মজিবর গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে গ্রামের পাশের ডোবায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাড়াশ থানা-পুলিশকে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম বলেন, লাশের গলায় রশি পেচানোর মতো কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।