তাড়াশে তালাক দেওয়ায় শিক্ষককে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তালাক দেওয়ায় স্কুলশিক্ষককে সাবেক স্বামী প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জাহিদা খাতুনের পারিবারিক সূত্র জানায়, উপজেলার ধানকুণ্ঠি গ্রামের আবদুল জলিলের মেয়ে জাহিদার সঙ্গে পাশের মাগুরা-বিনোদ গ্রামের মোস্তাফিজুর রহমানের প্রেম ছিল। চার বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের এক মাস আগে জাহিদা মাগুরা-বিনোদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর এক বছর যেতে না যেতেই মোস্তাফিজুর তিন লাখ টাকা যৌতুক হিসেবে চান। যৌতুকের টাকা না দেওয়ায় জাহিদার ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। চলতি বছরের ৩ জুন মোস্তাফিজুরকে তালাক দেন জাহিদা। এ ঘটনার পর মোস্তাফিজুর ক্ষুব্ধ হয়ে জাহিদাকে প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি তাঁর চাচাকে দিয়ে চেক জালিয়াতির মামলা করান।
জাহিদা খাতুন বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকে আমার বেতনের টাকা মোস্তাফিজুর নিজে ব্যাংক থেকে উত্তোলন করত। আমাকে শুধু যাতায়াত খরচ দিত। তালাকের পর সে আমার বিরুদ্ধে চাচাকে দিয়ে চেক জালিয়াতির মিথ্যা মামলা করিয়েছে।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার চাচা আনসার আলীর কাছ থেকে চেকের বিনিময়ে জাহিদা পাঁচ লাখ টাকা ধার নিয়েছে। টাকা দিতে না পারায় চাচা মামলা করেছেন। হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা।’