তাড়াশে সালিসে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সালিস বৈঠকে প্রতিপক্ষের বিরুদ্ধে আক্কাস আলী (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার বারুহাঁস ইউনিয়নের পঁওতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহত ব্যক্তির স্ত্রী মিনা খাতুন তাড়াশ থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পঁওতা গ্রামে একটি পুকুরের বন্ধকি নিয়ে ওই গ্রামের হারেজ আলীর সঙ্গে পার্শ্ববর্তী লাঙ্গলমুড়া গ্রামের আক্কাস আলীর বিরোধ ছিল। বিষয়টি নিয়ে গত সোমবার তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে গতকাল মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ময়নুল ইসলামের বাড়িতে দুপুরে দুই পক্ষ সালিস বৈঠকে বসে। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ময়নুল ইসলামের চাচাতো ভাতিজা হারেজ আলীর নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে আক্কাস আলী ও তাঁর লোকজনের ওপর চড়াও হন। তাঁদের মারধরে আক্কাসসহ আটজন আহত হন। গুরুতর আহত অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।