তাড়াশের কলেজছাত্র নিখোঁজ ছয় দিন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মেহেদী হাসান (১৮) নামের এক কলেজছাত্র নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেহেদী হাসান উল্লাপাড়া ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের (এইচএসসি) ছাত্র এবং সগুনা ইউনিয়নের সগুনা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে।
মেহেদী হাসানের বাবা আলাউদ্দীন জানান, মেহেদী উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ‘সাহিত্য রত্ন’ মেসে থেকে লেখাপড়া করত। ১৩ জুলাই বৃহস্পতিবার সে বাড়িতে আসে। সবার সঙ্গে দেখা করার পর পরের দিন ১৪ জুলাই বাড়ি থেকে কলেজে যাওয়ার কথা বলে তার মা মমতাজ পারভীনের সঙ্গে বাড়ি থেকে বের হয়। মা তাকে একটি অটোভ্যানে তুলে দিয়ে বাড়িতে চলে আসেন। রাতে মেসে ফোন করলে সে সেখানে যায়নি বলে ফোনে জানানো হয়। পরের দিন তিনি মেসে যান। তারপর থেকে আত্মীয়স্বজনসহ তাঁর বন্ধুদের বাড়িতে খোঁজ করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি।
মেহেদীর বাবা বলেন, ‘এভাবে কলেজে যাওয়ার কথা বলে মেহেদী কোথায় গেল, এই চিন্তায় আমরা দিশেহারা হয়ে পড়েছি। মেহেদী হাসানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে ও দেহের গড়ন হালকা-পাতলা। তাঁর পরনে ছিল নীল রঙের ফুলহাতা চেক শার্ট এবং নীল জিনস প্যান্ট। এ ঘটনায় তাড়াশ থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’
এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, মেহেদী হাসানের সন্ধান পেতে সব রকমের চেষ্টা চলছে।