তিতাস খননের বালুতে সরকারি খাল ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সরকারি প্রকল্পে তিতাস নদ খনন করে একটি খাল ভরাট করা হয়েছে। অভিযোগ উঠেছে, খালপাড়ের জমির মালিকেরা এই কাজ করেছেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা তাঁদের সহায়তা করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, তিতাস নদের হোমনা-বাঞ্ছারামপুর-সলিমগঞ্জ ও হোমনা-রামকৃষ্ণপুর- রামচন্দ্রপুর-নবীনগর নৌপথ রয়েছে। গত এপ্রিল থেকে এই দুটি নৌপথে খনন শুরু করে বিআইডব্লিউটিএ। তিতাস নদের খননকালে নদের পাড়ের সরকারি খাসজমি, স্থানীয় লোকজনের নিচু জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানের নিচু জায়গা ভরাট করার কথা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাসে উপজেলার জয়কালিপুর, জয়নগর এলাকায় প্রায় ৪০ একর এবং নবীনগর উপজেলার মুক্তারামপুর, সলিমগঞ্জ, রাজনগর এলাকায় প্রায় ১০ একর পুকুর-খালসহ প্রায় ৩০ একর জায়গা ভরাট করেছে বিআইডব্লিউটিএ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন বলেন, জয়কালিপুর মৌজায় ৯৮৯ দাগে সরকারি একটি খালের প্রায় ৪৪ শতক ভরাট করা হয়েছে। সোনারামপুর ইউনিয়ন সহকারী কর্মকর্তা (ভূমি) সরেজমিন তদন্ত করে এর সত্যতা পেয়েছেন। পাহাড়িয়াকান্দি ইউপির চেয়ারম্যান মো. গাজিউর রহমানকে খাল থেকে বালু সরিয়ে নিতে বলা হয়েছে। নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শত বছরের পুরোনো সরকারি খালটি উপজেলার জয়কালিপুর গ্রামের উত্তর দিকের মেঘনা নদী থেকে শুরু হয়ে প্রায় এক কিলোমিটার প্রবাহিত হয়ে পূর্ব দিকে তিতাস নদে পড়েছে। ১৩ জুলাই সরেজমিনে দেখা যায়, নদের পাড় থেকে খালটির প্রায় ২০০ মিটার বালু ফেলে ভরাট করা হয়েছে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত এপ্রিলে নদ খননের সময় বালু ফেলে খাল ভরাট করা হয়েছে। এর নেপথ্যে রয়েছেন মূলত খালপাড়ের জমির মালিকেরা। তাঁদের সঙ্গে ছিলেন পাহাড়িয়াকান্দি ইউপির চেয়ারম্যান মো. গাজিউর রহমান ও সদস্য মো. আরফান মিয়া।

খালের পাশে জমি রয়েছে জয়কালিপুর গ্রামের আবু সাঈদের। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত ১০ শতকসহ ৬০-৬৫ শতক জায়গা ভরাট করেছি। খালের দুই দিকে বাঁধ দেওয়ার জন্য প্রায় দেড় লাখ টাকা চাঁদা তুলেছিলাম। তবে আমরা খাল ভরাট করিনি।’

মুঠোফোন বন্ধ থাকায় চেয়ারম্যান মো. গাজিউর রহমানের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ইউপি সদস্য মো. আরফান মিয়া বলেন, ‘এলাকার লোকজনের কথায় খাল ভরাট করে একটি রাস্তা করে দিয়েছিলাম। প্রশাসন খাল থেকে বালু সরাইয়া নিতে কইছে। বিভিন্ন জায়গায় যোগাযোগ করে খাল থেকে বালু না সরাতে আমরা চেষ্টা করতাছি।’

বিআইডব্লিউটিএর খনন বিভাগের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘জয়কালিপুর এলাকায় একটি সরকারি খাল ভরাট করা হয়েছে বলে সেখানকার সহকারী কমিশনার (ভূমি) আমাকে গত সোমবার জানিয়েছেন। আমরা জানতাম না যে এটি সরকারি খাল। স্থানীয় লোকজনের কথায় খালটি ভরাট করেছিলাম।’

ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন বলেন, ‘বাঞ্ছারামপুরে সরকারি খালসহ বেশ কয়েকটি পুকুর বালু ফেলে ভরাট করার কথা শুনেছি। এ বিষয়ে এলাকাবাসী ও বিআইডব্লিউটিএকে নোটিশ দেওয়া হবে।’

ইউএনও মোহাম্মদ শওকত ওসমান বলেন, স্থানীয় কিছু লোকের সহায়তায় বিআইডব্লিউটিএ জয়কালিপুর এলাকায় তিতাস নদ খননের বালু দিয়ে একটি সরকারি খাল ও ১০টি পুকুর ভরাট করেছে। বালু না সরালে ভরাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।