তিতাস নদে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদে বাঁশের বেড়া ও জাল পেতে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। এতে ছোট ছোট মাছ মারা পড়ছে। নৌযান চলাচলও ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, এক মাস ধরে মধ্যনগর এলাকায় তিতাস নদে কয়েকজন জাল পেতে মাছ শিকার করছেন। সেই সঙ্গে নৌপথ বন্ধ হয়ে গেছে। এতে পণ্যবাহী কোনো নৌকাই এলাকায় প্রবেশ করতে পারছে না। নৌ-চলাচলের পথ মুক্ত করতে দ্রুত ব্যবস্থা নিতে অভিযোগ করা হয়।
উপজেলার মধ্যনগর গ্রামের বালু ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, ‘নদীর ওপর জাল এমনভাবে দিছে বালুর বোট (বাল্কহেড) লইয়া যাওনের উপায় নাই। আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাই ইউএনও স্যারকে লিখিত একটি অভিযোগ দিয়েছি।’
গত শনিবার বেলা ১১টায় সরেজমিনে তিতাস নদের এলাকায় দেখা যায়, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের পূর্বদিকে চার কিলোমিটার এলাকায় অন্তত ১৫টি ঘের রয়েছে। বাঁশের বেড়া দিয়ে এসব ঘের তৈরি করা হয়েছে। এসব ঘেরের ফাঁকে নদীতে সাতটি জাল পাতা হয়েছে। আসাদনগর এলাকায় সাহেবনগর থেকে কালাইনগর-দরিয়াদৌলত পর্যন্ত আরও ২০-২৫টি ঘের এবং ৮-১০টি জাল রয়েছে। ফরদাবাদ-পূর্বহাটি এলাকায় নদীতে অন্তত ১৮-১৯টি ঘের এবং সাত-আটটি জাল পাতা হয়েছে। ঘাগুটিয়া থেকে বুধাইরকান্দি-রাধানগর-হোমনা-শ্রীমদ্দি পর্যন্ত অন্তত ৪৫-৫০টি ঘের এবং ১০-১২টি জাল রয়েছে। মাছ শিকারিরা গভীর রাত থেকে ভোর পর্যন্ত মাছ শিকার করেন। ওই সব এলাকা দিয়ে কোনো নৌকা যাতায়াত করলে গতি কমিয়ে কিংবা বন্ধ করে চালাতে হয়।
এ সময় মাছ শিকার করতে থাকা সদর উপজেলার মোমিন মিয়ার সঙ্গে কথা হয়। তিনি বলেন, অনেক দিন ধরেই তিনি এখানে মাছ ধরছেন। তাঁরা টেংরা, সরপুঁটি, বাইম, রুই-কাতলসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলুল হক বলেন, তিতাস নদে জাল পেতে অবৈধভাবে মাছ শিকার বিষয়ে অভিযোগের একটি প্রতিলিপি পেয়ে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদর থেকে মধ্যনগর পর্যন্ত ১০-১২টি জাল কেটে দেওয়া হয়েছে। পরে আরও অভিযান চালানো হবে। অন্তত ৫০-৬০টি জাল তিতাস নদে অবৈধভাবে বসানো হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই-খাজা আলামীন বলেন, ‘আমি নিজে দেখেছি, জাল দিয়ে ছোট ছোট মাছের পোনা মেরে ফেলা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নিতে অভিযোগের প্রতিলিপি দিয়েছি।’