তিতাস নদে বেড়া দিয়ে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পুটিয়া হাওর এলাকায় তিতাস নদে বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। ৩০ নভেম্বর তোলা ছবি l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পুটিয়া হাওর এলাকায় তিতাস নদে বাঁশের বেড়া দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। ৩০ নভেম্বর তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের পুটিয়া বিল এলাকায় তিতাস নদে অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। প্রভাবশালী একটি মহল সরকারি নিয়মনীতি উপেক্ষা করে এ নদে নির্বিচারে মাছ শিকার করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ৩০ নভেম্বর সরেজমিনে দেখা যায়, উপজেলার পুটিয়া হাওর এলাকায় তিতাস নদে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। এলাকার মৎস্যজীবী ও কৃষকদের অভিযোগ, কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ গ্রামের দুর্গাচরণ দাস প্রতিবছরই সরকারি নিয়মনীতি উপেক্ষা করে এ নদে নির্বিচারে মৎস্য নিধন করে আসছেন। প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ কথা বলার সাহস করেন না। গত অক্টোবর মাসেও একই এলাকার পুটিয়া বিলে কয়েক কিলোমিটার দীর্ঘ বেড়া দিয়ে দেশীয় মাছ শিকার করেছেন তিনি। তবে প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

দুর্গাচরণ দাস বলেন, ‘আমরা পুটিয়া হাওর এলাকার ৬২ একর জলাশয়ের বৈধ ইজারাদার। আমাদের মাছ শিকারের অনুমতি রয়েছে। সারা দেশে বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। আমরাও সেভাবেই করছি।’ ৬২ একর জমির বৈধ ইজারাদার হলেও কয়েক শ একর এলাকাজুড়ে বেড়া দিয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি হয়ে গেছে।

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, অনুমতি নিয়ে মুক্ত জলাশয়ের মাছ শিকার করার বিধান থাকলেও এই কায়দায় মাছ নিধন গর্হিত কাজ। এতে মাছের স্বাভাবিক বংশবিস্তার বাধাগ্রস্ত হবে। ওই এলাকা পরিদর্শন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. আনোয়ার হোসেন বলেন, ওই বিলের পুটিয়া সেতুর পাশে ৬২ একর জায়গায় মাছ ধরার জন্য জেলা থেকে বন্দোবস্ত নিয়েছেন দুর্গাচরণ দাসসহ দুই ব্যক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা প্রথম আলোকে বলেন, জলমহাল নীতিমালা অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে বেড়া বা বাঁধ দিয়ে মাছ নিধন নিষেধ। যারা এমন কাজ করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।