তিতাসে আ.লীগ যুবলীগ সংঘর্ষে তিনজন আহত
কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার জগৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ভূঁইয়ার গ্রামের বাড়ি জগৎপুরে ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার বিকেলে কুমিল্লা উত্তর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন (বাবু) এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির অর্ধশতাধিক নেতা-কর্মী নিয়ে সম্প্রতি ছাত্রলীগের নেতা মাসুম সরকারের গ্রামের বাড়ি জগৎপুরে তাঁর কবর জিয়ারত করতে যান। এ সময় মাসুম হত্যা মামলার আসামি লন্ডনপ্রবাসী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াসিন ভূঁইয়ার সমর্থিত লোকজনের সঙ্গে যুবলীগ নেতাদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তখন পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির আওয়াজে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ভূঁইয়ার বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়েছে—এমন অভিযোগ করে ওই বাড়িতে ভাঙচুর চালানো হয়। এ সময় ছাত্রলীগের কর্মী তৌফিক আহম্মেদ (১৭) গুলিবিদ্ধ, জগৎপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আমির হোসেন (৩২) ও রাজ্জাক চেয়ারম্যানের ভাতিজা রুবেল (২৮) আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সারওয়ার হোসেন তিতাস থানায় একটি জিডি করেন।
মো. সারওয়ার হোসেন বলেন, ‘আমরা মাসুমের কবর জিয়ারত করতে গেলে ইয়াসিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল সিকদারের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এ সময় গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে মাসুম হত্যা মামলার অন্যতম আসামি ইয়াছিন ভূঁইয়ার (রাজ্জাক চেয়ারম্যানের) বাড়ি ভাঙচুর করে।’
আবদুর রাজ্জাক ভূঁইয়া বলেন, ‘সারওয়ারের পক্ষ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমার বাড়ি ভাঙচুর করে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি।’