কুমিল্লার তিতাস উপজেলায় বালুবাহী নৌকা ও ট্রলার থেকে চাঁদা আদায়ের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে গত শুক্রবার দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ রয়েছেন।
গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিতাস থানায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
তিতাস উপজেলা আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা বলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসাইন ও তাঁর সহযোগীরা গোমতী নদীর লালপুর ঘাট দিয়ে চলাচলকারী বালুবাহী নৌকা ও ট্রলার থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। এ ক্ষেত্রে সর্বনিম্ন ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এ নিয়ে বিরোধের জেরে গত বছরের ৮ নভেম্বর সকাল পৌনে আটটায় দুষ্কৃতকারীদের গুলিতে দাউদকান্দির গৌরীপুরে মারা যান চেয়ারম্যান মনির হোসাইন। এরপর মনির হোসাইনের অনুসারী জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আল আমিন ও মো. রুবেলের নেতৃত্বে একটি পক্ষ লালপুর ঘাট থেকে নিয়মিত চাঁদার টাকা তোলেন।
গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে লালপুর ঘাটে চাঁদা আদায় করতে যান প্রতিপক্ষের তিতাস উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের অনুসারীরা। এ সময় আল আমিন ও রুবেলের অনুসারীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে প্রথমে লাঠিসোঁটা নিয়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সোহেল শিকদারের অনুসারীরা পিছু হটতে থাকেন। কিছুক্ষণ পর দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। রাত আটটা পর্যন্ত তাঁদের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় চলতে থাকে।
এ সময় গুলিবিদ্ধ হন সোহেল শিকদারের অনুসারী লালপুর ঘাট এলাকার জামাল হোসেন (৩৬), মনির হোসেন (৩৪) ও মো. বাবু (২৭)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের অনুসারীরা পালিয়ে যান।
লালপুর গ্রামের অন্তত তিন ব্যক্তি বলেন, ইফতারের আগে ও পরে গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কেউ ঘর থেকে ভয়ে বের হননি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদার বলেন, ‘আমার লোকজনের ওপর প্রয়াত মনির চেয়ারম্যানের লোকজন গুলি করেছে। আমার চারজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে, তিনি বলেন, চাঁদার জন্য নয়। ওই এলাকায় নিয়ন্ত্রণ নিতে গেলে তাঁদের সঙ্গে মনির চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষ হয়।
এ বিষয়ে মনির হোসাইনের অনুসারী মো. রুবেলের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে আল আমিন বলেন, ওই এলাকা দীর্ঘদিন ধরে তাঁদের নিয়ন্ত্রণে আছে। হঠাৎ করে গতকাল ভাইস চেয়ারম্যানের লোকজন এখানে এসে ঝামেলা সৃষ্টি করেছেন। এরপরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তিতাস থানার ওসি নুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। সংঘর্ষ ও গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বালুবাহী নৌকা ও ট্রলার থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ মামলা করেননি।