তিতাসে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রিয়াজুল ইসলাম ওরফে সেন্টু (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রিয়াজুল কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. ইব্রাহীমের কর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাকান্দি ইউনিয়নের বর্তমান সভাপতি বাহার উদ্দিন ও সাবেক সভাপতি মো. ইব্রাহীমের মধ্যে দীর্ঘদিন থেকেই বিরোধ চলছিল। আজ সকালে কথা–কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রিয়াজুলের বুকে টেঁটা বিদ্ধ হলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরকে দায়ী করছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক আবদুল হান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।