তিতাসে আ.লীগের দুপক্ষের গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাসস্ট্যান্ডে চাঁদা আদায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত তিতাস উপজেলা পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য পারভেজ হোসেন সরকার এবং বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সদস্য সোহেল শিকদারের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে ভাইস চেয়ারম্যানের অনুসারী মো. তপু (২৫) নামের যুবলীগের এক কর্মী আহত হয়েছেন। এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যান। রাতে এ নিয়ে তিতাস থানায় উভয় নেতাকে নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসনের বৈঠক হয়। তবে এ নিয়ে থানায় কোনো মামলা হয়নি।
বাতাকান্দি বাজারের অন্তত তিনজন ব্যবসায়ী বলেন, বাতাকান্দি বাসস্ট্যান্ডে চাঁদা আদায়কে কেন্দ্র করে পারভেজ হোসেনের অনুসারী জগৎপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের সঙ্গে উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল শিকদারের অনুসারী মো. তপুর সঙ্গে কয়েক দিন ধরে দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্ব মিটমাট করার জন্য পারভেজ হোসেন দায়িত্ব নেন। এরই মধ্যে গত বৃহস্পতিবার সকাল থেকে তপু আরও কয়েকজন সহযোগী নিয়ে বাতাকান্দি বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তুলছিলেন। ওই খবর পেয়ে পারভেজের লোকজন তপুকে বাধা দেন। এরপরও তপু চাঁদা তুলে আসছিলেন। তখন পারভেজের লোকজন তাঁকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে সোহেল শিকদার তাঁর দলবল নিয়ে সেখানে যান। এ সময় উভয় পক্ষের মধ্যে অন্তত ৩০ রাউন্ড গোলাগুলি হয়।
এ সময় পারভেজের ব্যক্তিগত গাড়িতে গুলি করা হয়। এতে তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। তখন আরও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে পারভেজ হোসেন সরকার বলেন, ‘সোহেলের লোকজন বাজারে এসে হাঙ্গামা ও আমার প্রাইভেটকারে গুলিবর্ষণ করে। বাজারের লোকজন চাঁদা আদায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে এ ঘটনা ঘটানো হয়। আমরা কেউ গুলি করিনি।’
অন্যদিকে সোহেল শিকদার বলেন, ‘আমার কর্মীকে মারধর করা হয়। তাঁকে উদ্ধার করতে গিয়ে সেখানে ঝামেলা হয়।’
থানার ওসি মো. নূরুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ মামলা করেনি। গোলাগুলির বিষয়টি তদন্ত করে দেখছি। ক্ষতিগ্রস্ত যানবাহন থানায় আনা হয়েছে। বৈঠকে পারভেজ ও সোহেল দুই নেতাই উপস্থিত ছিলেন। দুই নেতার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।’