তিতাসে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
কুমিল্লার তিতাস উপজেলায় কড়িকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে প্রতিপক্ষ কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় নলচর সরকার বাড়ির সামনে ওই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম মো. রাসেল মিয়া (৪১)। তিনি কড়িকান্দি ইউপির ৬ নম্বর ওয়ার্ডের (নলচর ও ইউসুফপুর গ্রাম) সদস্য। তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নলচর গ্রামের অন্তত তিনজন বাসিন্দা বলেন, বিকেলে রাসেল নলচর গ্রামের একটি সালিস বৈঠক শেষে ইউসুফপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। সন্ধ্যার পর নলচর গ্রামের সরকার বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের রুহুল আমিন, সোহাগ মিয়া, মেহেদী হাসানসহ সাত-আটজন তাঁকে কুপিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।