তিতাসে নারীকে কুপিয়ে হত্যা
কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামে গত শনিবার গভীর রাতে স্বর্ণেহার বেগম (৩৫) নামের এক মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দক্ষিণ নারান্দিয়া গ্রামের পূর্বপাড়ায় গরু চোরেরা তাঁকে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির নাম স্বর্ণেহার বেগম (৩৫)। তিনি ওই গ্রামের প্রবাসী আকছর আলীর স্ত্রী। তিনি দুই ছেলে রেখে গেছেন।
স্বর্ণেহার বেগমের মা গোলবাহার বলেন, তাঁর দুই মেয়ে স্বর্ণেহার ও মিলন বেগম দক্ষিণ নারান্দিয়া গ্রামে বাড়ি করে বসবাস করছেন। দুজনের স্বামীই বিদেশ থাকেন। শনিবার রাতে স্বর্ণেহার শরীরবৃত্তীয় কাজে ঘরের বাইরে গিয়ে দেখেন গরু ও ছাগল রাখার ঘরের দরজা খোলা। এ সময় তিনি গোয়াল ঘরের দিকে এগিয়ে যান। ধারণা করা হচ্ছে, চোরদের চিনে ফেলায় তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। চোরেরা তাঁকে মাথায় কোপ দিয়ে হত্যা করে। খবর পেয়ে গতকাল রোববার সকাল আটটায় তিতাস থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) গাজী মাহাবুবুর রহমান গতকাল বিকেলে বলেন, নিহত ব্যক্তির মাথায় কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জড়িত ব্যক্তিদের শনাক্ত করার আপ্রাণ চেষ্টা করছে।