তিতাসে পিস্তল ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
কুমিল্লার তিতাসে একটি বিদেশি পিস্তল ও আটটি গুলিসহ পুলিশ যুবলীগের এক নেতা ও তাঁর দেহরক্ষীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার নাম আবু জাহের। তিনি উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও গোপালপুর গ্রামের বাসিন্দা। তাঁর দেহরক্ষীর নাম আশ্রাফ আলী। তাঁর বাড়ি একই গ্রামে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দাবি করেন, গত সোমবার রাত আটটায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গোপালপুর গ্রামের হিন্দুবাড়ি-সংলগ্ন সেতুর পাশ থেকে আবু জাহেরকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল এবং শটগানের ছয়টি গুলি জব্দ করা হয়। এ সময় আশ্রাফ আলীকেও আটক করা হয়ে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি মনিরুল ইসলামের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু জাহের পুলিশকে জানিয়েছেন, তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহসীন ভূঁইয়ার কাছে আসছিলেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও মহসীন ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়।