তিতাসে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে আসামিপক্ষের লোকজনের হামলার শিকার হয়েছেন এক উপপরিদর্শক ও দুই কনস্টেবল।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার উত্তর আকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ দ্বিতীয় দফা অভিযান চালিয়ে
নারী-পুরুষসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টায় উপজেলার বাতাকান্দি বাজারসংলগ্ন উত্তর আকালিয়া গ্রামের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নাছির মোল্লাকে ধরতে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। তখন তিনি ও দুই কনস্টেবল আহত হন। পরে সকাল সাড়ে ১০টায় পুলিশ আবার উত্তর আকালিয়ায় অভিযান চালিয়ে মো. নাজিম মোল্লা, রুমা আক্তার ও আনোয়ারা আক্তারকে আটক করে। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তাঁরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। নাছিরকে বাড়িতে পাওয়া যায়নি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁরা এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।