তিতাসে পুলিশের ওপর হামলা গ্রেপ্তার ৬
কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার পুরান বাতাকান্দি গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন রামভদ্রা গ্রামের মোজাম্মেল হোসেন (২৫), পুরানা বাতাকান্দি গ্রামের নাছির উদ্দিন সরকার (৫৫) ও সাইদুল হোসেন সরকার (২২), দক্ষিণ নারান্দিয়া গ্রামের মো. শামীম (২০), দুর্লভদী গ্রামের মো. মোখলেছ (৩০) এবং দ্বিতীয় গোবিন্দপুর গ্রামের আবদুর রহমান (৫০)। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিতাস থানার এসআই শহিদুল ইসলাম বলেন, গত সোমবার ভোরে রামভদ্রা গ্রামের মোজাম্মেল হোসেনকে চুরির অভিযোগে আটক করে পুলিশে খবর দেন এলাকাবাসী। সকাল ১০টার দিকে একদল পুলিশ তাঁকে আটক করতে সেখানে যান। ফেরার পথে তাঁকে ছাড়িয়ে আনার জন্য পুরান বাতাকান্দি এলাকায় পুলিশের ওপর হামলা করে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।