তিতাসে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, আটক ৩
কুমিল্লার তিতাসে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে হওয়া একটি মামলার আসামিকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছেন তাঁর স্বজনেরা। গতকাল শুক্রবার সকালে তিতাস উপজেলার কাপাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
আটক হওয়া তিনজন হলেন ছিনিয়ে নেওয়া আসামি কাপাসকান্দি গ্রামের আবদুল হকের স্ত্রী নাজমা বেগম (২৮), নাজমার ভাই নূরে আলম (৩৮) ও একই গ্রামের জাকির হোসেনের স্ত্রী নাছিমা বেগম (৩৮)।
তিতাস থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে পুলিশ চুরি ও ছিনতাইয়ের অভিযোগে হওয়া মামলার আসামি আবদুল হককে গ্রেপ্তারের জন্য কাপাসকান্দি তাঁর বাড়িতে অভিযান চালায়। তারা আবদুল হককে ধরে হাতকড়া পরিয়ে নিয়ে আসার সময় তাঁর স্বজনেরা ডাকাত বলে চিৎকার শুরু করেন। তখন তাঁর বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে আসে এবং আবদুল হককে ছিনিয়ে নেয়। গতকাল শুক্রবার ভোরে আবার অভিযান চালিয়ে কাপাসকান্দি গ্রাম থেকে নূরে আলম, নাজমা বেগম ও নাছিমা বেগমকে আটক করা হয়েছে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।