তিতাসে মহিলা ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া সুলতানাকে গত রোববার সমন্বয় কমিটির সভার পর লাঞ্ছিত করেন জাতীয় পার্টির স্থানীয় সাংসদ মো. আমির হোসেন। একপর্যায়ে সামিয়ার কক্ষ ভাঙচুর করা হয়।
তিতাস উপজেলা কমপ্লেক্স ভবনের নিচতলায় ওই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে মহিলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ে আসছেন না। প্রত্যক্ষদর্শী অন্তত পাঁচজন সরকারি কর্মকর্তা-কর্মচারী বলেন, রোববার দুপুর ১২টায় উপজেলা সমন্বয় কমিটির সভায় ভাইস চেয়ারম্যান সামিয়া উপজেলার বাতাকান্দি বাজারের পুকুরপাড়ের সরকারি খাসজমি ভরাট করে দোকানপাট নির্মাণসহ বিভিন্ন দখলবাজির বিরুদ্ধে কথা বলেন। একই সঙ্গে তিনি সরকারি সম্পত্তি রক্ষার দাবিও জানান। তখন ইউএনও সামিহা ফেরদৌসী বলেন, বাতাকান্দি বাজারের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সর্দার রয়েছেন। তাৎক্ষণিকভাবে সাংসদ আমির হোসেন সহকারী কমিশনারকে ফোন দিয়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। সভা শেষে খাবার কক্ষে সাংসদ সামিয়াকে বলেন, ‘আপনি বিএনপি করেন। আপনাকে আমি রক্ষা করছি। আর আপনি মিটিংয়ে এসব কথা বলছেন।’ এ কথার প্রতিবাদ করলে সাংসদ তাঁকে চেয়ার দিয়ে মারতে উদ্যত হন। একই সঙ্গে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে সাংসদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলামের অনুসারীরা সামিয়ার অফিসকক্ষে ভাঙচুর করেন।
সামিয়া বলেন, ‘ভূমি দখলের প্রতিবাদ করায় সাংসদ ও ভাইস চেয়ারম্যান লোক দিয়ে আমার সরকারি অফিসের আসবাব ভাঙচুর করেছেন।’ ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম বলেন, ‘আমি মোটরসাইকেলে। নেমে পরে ফোন দেব।’ ইউএনও বলেন, খাবারের কক্ষে সাংসদের সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যানের কথা-কাটাকাটি থেকে ঝামেলা হয়েছে। পরে মহিলা ভাইস চেয়ারম্যানের কক্ষের আসবাব ভাঙচুর করা হয়। সমন্বয় সভায় কোনো ঝামেলা হয়নি।
সাংসদ মো. আমির হোসেনের মুঠোফোনে গতকাল মঙ্গলবার দুপুরে কল দিলেও তিনি ধরেননি। তবে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয় দিয়ে একজন বলেন, ‘সচিবালয়ে স্যার মিটিং করতে গিয়েছেন।’ পরে ফোন দিয়েও তাঁর বক্তব্য নেওয়া যায়নি।