তিতাসে সংঘর্ষে আহত মাঝি মারা গেছেন
ব্রাহ্মণবাড়িয়ায় গত শনিবার অনুষ্ঠিত নৌকাবাইচে অংশ নেওয়া দুই নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষে আহত এরশাদ মিয়া (৪৫) নামে এক মাঝি মারা গেছেন। গত সোমবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরশাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গোপীনাথপুর এলাকার ইম্মদ আলীর ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিল।
নিহত এরশাদের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বোল্লা ও চরইসলামপুর ইউনিয়নের দত্তখোলা এলাকার নৌকা কাছাকাছি এসে পড়ে। এ সময় বোল্লা এলাকার নৌকার মাঝিরা দত্তখোলার নৌকার মাঝিদের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় উভয় নৌকার অন্তত ১০ জন মাঝি আহত হন। পরে আহত মাঝিদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দত্তখোলা এলাকার নৌকার মাঝি এরশাদের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এরশাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।