তিতাসে ৩৭২ কোটি টাকার দুর্নীতি, আবারও অনুসন্ধানে দুদক
তিতাস গ্যাসে সিস্টেম লস দেখিয়ে ৩৭২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালে অনুসন্ধান শুরু হলেও অজ্ঞাত কারণে অনুসন্ধান শেষ হয়নি। আজ সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপপরিচালক আবদুস সাত্তার সরকারকে অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন সংস্থাটি। অনুসন্ধানের কাজ তদারক করবেন দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগের পরিচালক নুর আহাম্মদ। এর আগে দুদকের উপপরিচালক (বর্তমানে বগুড়া সমন্বিত জেলা কার্যালয়) নূর হোসেন খান এ অভিযোগ অনুসন্ধান করেন।
দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ১৯৯২-৯৩ থেকে ১৯৯৬-৯৭ অর্থবছর পর্যন্ত পাঁচ বছর সিস্টেম লস দেখিয়ে ৩৭২ কোটি ৬৭ লাখ টাকা লুটে নেওয়া হয়েছে। ২০১০ সালে সরকারি হিসাব–সম্পর্কিত সংসদীয় কমিটি এক তদন্তে সিস্টেম লস দেখিয়ে ৩৭২ কোটি ৮৭ টাকার দুর্নীতি ও সরকারের কোটি কোটি টাকা ক্ষতির প্রমাণ পায়। তিতাস কর্তৃপক্ষ সংসদীয় কমিটির কাছে এ দুর্নীতি সিস্টেম লস হিসেবে দেখিয়েছিল। সংসদীয় কমিটির বৈঠকে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
দুদকে আসা অভিযোগে বলা হয়, সিস্টেম লসের আন্তর্জাতিক স্বীকৃত হার শতকরা ২ ভাগ। এ ক্ষেত্রে তিতাসে এ অপচয়ের হার ছাড়িয়ে গেছে বহুগুণে।
আজ কমিশনের সভায় গৃহীত অভিযোগে বলা হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৩৭২ কোটি ৬৭ লাখ টাকার সিস্টেম লসের ব্যাখ্যা হিসেবে কারিগরি, অকারিগরি ও আবাসিক ট্যারিফজনিত ক্ষতি হিসেবে বুঝাতে চাইলেও বাস্তবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, কারচুপি করে ওই পরিমাণ অর্থ আত্মসাৎ করে সরকারের ক্ষতি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একই সময়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিভিন্ন পর্যায়ের গ্যাস লাইনের পাইপসহ অন্যান্য মালামাল প্রদান করে ৮ কোটি ৮১ লাখ ২৯ হাজার টাকার ক্ষতি করা হয়েছে। শিল্প ও বাণিজ্য খাতের গ্রাহকদের বিল মওকুফ করে ১ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকার রাজস্ব থেকে সরকারকে বঞ্চিত করা হয়েছে।
এ ছাড়া গত ১৯৯৫-৯৬ ও ১৯৯৬-৯৭ দুই অর্থবছরে গ্যাস অপচয় বাবদ তিতাসের ক্ষতি হয়েছে ২৮ কোটি ৮২ লাখ ৩৪ হাজার টাকা। এই সময়ে অস্তিত্বহীন গ্রাহকের নামে গ্যাস সরবরাহ দেখিয়ে ক্ষতি করা হয়েছে ১০ লাখ ৯৭ হাজার টাকা।
অনুসন্ধানকালে ওই পাঁচ বছরের সিস্টেম লসের যাবতীয় নথিপত্র খতিয়ে দেখবে দুদক। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দুদক সূত্র জানায়।
সূত্রটি আরও জানায়, শিগগির ওই পাঁচ বছরের নথিপত্র চেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে চিঠি পাঠাবেন অনুসন্ধান কর্মকর্তা। সুষ্ঠু অনুসন্ধানে সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় কমিটির কাছেও অভিযোগ সম্পর্কিত কাগজপত্র চাওয়া হবে বলে দুদক সূত্র জানিয়েছে।