তিতাসের অবৈধ লাইন অপসারণ করতে গিয়ে হামলার শিকার
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গ্যাসের অবৈধ লাইন অপসারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলার পোনাব এলাকায় এ ঘটনা ঘটে। গ্যাসের অবৈধ সংযোগ গ্রহণকারীদের ওই হামলায় তিতাসের দুজন কর্মচারী আহত হয়েছেন। তাঁরা হলেন সুলতান খাঁ ও জোবায়ের আহম্মদ। এর মধ্যে জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলাকাবাসীর কয়েকজন জানান, স্থানীয় দালাল চক্র অবৈধ গ্যাস বৈধ করার প্রতিশ্রুতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অনেকে ধারদেনা করে ওই চক্রকে টাকা দিয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যাত্রামুড়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব বলেন, ‘অবৈধভাবে স্থাপন করা পাইপলাইন অপসারণ করতে গেলে অহেতুক আমাদের লোকজনের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’