তিতাসের এমডিসহ চারজনের কাছে দুদকের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পদের বিবরণী চেয়ে তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নওশাদ ইসলামসহ প্রতিষ্ঠানটির চারজনের বিরুদ্ধে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নোটিশ পাঠিয়েছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২–এর সহকারী পরিচালক শামছুল আলম।
যাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছে তাঁরা হলেন, তিতাস গ্যাসের এমডি নওশাদ ইসলাম, উপমহাব্যবস্থাপক রফিকুল আলম, উপসহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন ও তিতাসের কর্মচারী নুরুল হক মোল্লা।
সাত কর্মদিবসের মধ্যে কমিশনের নির্ধারিত ফরমে তাঁদের যাবতীয় সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, এই চারজনের বিরুদ্ধে কমিশনের প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে গত ২৫ ফেব্রুয়ারি তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেয় কমিশন। এরই ধারাবাহিকতায় তাঁদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের হিসাব কমিশনের সচিব বরাবর দাখিল না করলে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে বলা হয়েছে।