তিতাসের তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সদর উপজেলার কয়েকটি এলাকায় গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিতাসের ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সদর উপজেলার গজারিয়াপাড়া, বাংলাবাজার, রাজেন্দ্রপুর এলাকায় অবৈধভাবে স্থাপিত ১ ইঞ্চি ব্যাসের প্রায় তিন কিলোমিটার গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। এতে প্রায় ৭০০ বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়। এ ছাড়া বেগমপুর, নয়াপাড়া, হোতাপাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের সংযোগস্থল অপসারণ করা হয়। এতে প্রায় ২ হাজার ৫০০ বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে হোতাপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন মোহাম্মদী রেস্তোরাঁ, কুমিল্লা মায়ের দোয়া হোটেল, ভোজন বিলাস, যমুনা বেকারি ও আদনান টি স্টলের অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নির্বাহী হাকিম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফ উদ্দিন হোতাপাড়া এলাকার মোহাম্মদী রেস্তোরাঁ ও কুমিল্লা মায়ের দোয়া হোটেলকে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং আদনান টি স্টলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের খবর পেয়ে অন্য রেস্তোরাঁ ও অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যান।
অভিযান চলাকালে তিতাস গ্যাস গাজীপুরের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম আবদুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শাবিউল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।