ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার অভিযোগে অর্ধশতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিতাসের পক্ষ থেকে গত রোববার রাতে আশুলিয়া থানায় মামলাটি করা হয়। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
থানা-পুলিশ জানায়, অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়ার সময় রোববার দুপুরে অভিযান চালিয়ে আশুলিয়ার বুড়িপাড়া এলাকা থেকে সোহেল, মালেক, শাজাহান, খলিলুর রহমান ও সামিউলসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তিতাস সাভারের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম মামলা করেন। ওই মামলায় এই ছয়জন ছাড়াও আশুলিয়ার চানগাঁওয়ের রাজু ও বুড়িপাড়ার সাইফুল, নূর মোহাম্মদ, সোলায়মানসহ অজ্ঞাতপরিচয় অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অভিযোগ পাওয়া গেছে, রাজুসহ প্রভাবশালী একটি চক্র বাড়িপ্রতি ৪০ হাজার থেকে এক লাখ টাকা নিয়ে আশুলিয়ার আউকপাড়া, দোসাইদ, বেলমা ও বুড়িরপাড়া এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে আসছিল। গত শনিবার প্রথম আলোয় এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে পুলিশ বিষয়টি নিয়ে তৎপর হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, তিতাস অবৈধ গ্যাস-সংযোগ ঠেকাতে কোনো ব্যবস্থা না নেওয়ায় পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, তিতাসের গড়িমসির বিষয়টি সাংসদ এনামুর রহমানকে জানানো হয়। পরে সাংসদের হস্তক্ষেপে তিতাস কর্তৃপক্ষ মামলা করতে বাধ্য হয়।