তিতুমীর কলেজ অচল করে রাখল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজ গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত অচল করে রেখেছিলেন কলেজ শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাঁরা সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের ফটক আটকে রাখেন।
কাজী মেরাজুল ইসলামকে সভাপতি ও মানিক হোসেনকে সাধারণ সম্পাদক করে গত সোমবার তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর এর বিরোধিতা করে বিক্ষোভ শুরু করেন কলেজ ছাত্রলীগের পদবঞ্চিতরা ও তাঁদের সমর্থকেরা। ক্ষোভ মেটাতে একপর্যায়ে তাঁরা রাস্তায় ব্যাপক যানবাহন ভাঙচুর করেন।
এরপর গতকাল সকাল থেকে কলেজের প্রধান ফটক বন্ধ করে দেন ওই নেতা-কর্মীরা। তাঁরা ভেতরে মিছিল-সমাবেশ করেন। ফটক থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে টায়ার রেখে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভের কারণে কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। বেলা একটার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ থামিয়ে ফটক খুলে দেন।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন মোল্লা বলেন, শিক্ষার্থীরা ভেতরে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁদের বাইরে বের হতে দেওয়া হয়নি।
ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মী মাহফুজুর রহমান বলেন, ছাত্রলীগের এই কমিটির নেতাদের ছাত্রত্ব নেই। কমিটি বাতিল করে নতুন কমিটি না দিলে তাঁরা লাগাতার কর্মসূচি দিয়ে কলেজ অচল করে দেবেন।
কাল বৃহস্পতিবার থেকে সম্মান ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা। গতকাল প্রবেশপত্র নিতে আসা কয়েকজন শিক্ষার্থী এ পরিস্থিতিতে উদ্বেগ জানান।